কলকাতা: সুপ্রিম কোর্ট থেকে বিদেশযাত্রার অনুমতি পেতেই বিদেশে পাড়ি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার হাইকোর্টে ‘রক্ষাকবচ’ মামলাতে বড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । কলকাতা হাইকোর্ট জানাল ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা থানায় দায়ের হওয়া তিনটি FIR-এ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না পুলিশ। সেই সঙ্গে এই তিনটি থানার মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিল আদালত। পরবর্তী শুনানি হবে ২৫ আগস্ট।
মঙ্গলবার এই মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল আদালত। সেই সুরক্ষার মেয়াদ ছিল ১৭ অগাস্ট পর্যন্ত। মঙ্গলবারের শুনানিতে আদালত সেই মেয়াদ আরও বাড়িয়ে দিল ৩১ অগাস্ট পর্যন্ত। ভবানীপুর থানার FIR, বিষ্ণুপুর থানার FIR, কালীতলা থানার FIR এর ভিত্তিতে তিন মামলায় আপাতত অভিষেককে হেফাজতে নিতে পারবে না পুলিশ।
বিচারপতি বলেন, প্রতিটি এফআইআর-এ ৪ মে-র পর করা । ৪ মে-র পরে যে অভিযোগগুলি দায়ের হয়েছে, সেগুলির ক্ষেত্রে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তবে তদন্তে কোনও বাধা নেই বলেও স্পষ্ট করে দেন বিচারপতি। তাঁর বক্তব্য, তদন্ত চলতে পারে এবং পুলিশ রিপোর্টও পেশ করতে পারে। তবে হেফাজতে নেওয়া যাবে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া মানে অভিযোগের তদন্ত বন্ধ করার নির্দেশ নয়, বিষয়টি স্পষ্ট করে দেন তিনি। বিচারপতির বলেন, ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়েই যদি অভিযোগ দায়ের করা হত, তাহলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যেত। কিন্তু অনেক পরে অভিযোগ দায়ের হওয়ায় সেই প্রয়োজনীয়তা এখন আর নেই।