আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার


কলকাতা : শ্মশানে 'অভয়া'র মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল? কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আর জি কর কাণ্ডে এবার নতুন FIR । মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সোমবাপ ফের একটি FIR দায়ের করা হল। সোমবার খড়দা থানায় নতুন করে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন 'অভয়া'র বাবা। তারই ভিত্তিতে FIR দায়ের করে তদন্ত শুরু করল খড়দা থানা।         
রাজ্যে ক্ষমতায় আসার পর নতুন করে আরজি কর ফাইলস খুলেছে বিজেপি সরকার। তিন IPS অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। এবার শ্মশানে 'অভয়া'র মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়, তা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। আর জি কর কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মরণসভায় গিয়ে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।       
নতুন এই FIR-এ নাম রয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়ের। তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনি ভাবে বাধাদান, তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। এঁদের বিরুদ্ধেই সেদিন তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, 'আশ্চর্য হয়ে যাবেন, মৃতদেহ সিরিয়াল ৩-এ ছিল। ১ করেছে। ক্রিমেশন কস্ট (নিহতের) বাড়ির লোক দেয়নি। সই করতে হয় বাড়ির লোককে। তাঁদের সই ছিল না। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই ৩ জন এই কাণ্ড করেছে। ' তিনি এদিন বলেন, ' CP ব্যারাকপুর আছে, এটাতে CBI নেই। দয়া করে নতুন মামলা রুজু করুন এবং যথাযথ পদক্ষেপ করুন। আমার যা করার আছে করব। 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি, 'অভয়া' ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে 'অভয়া'র বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। ' 
মুখ্যমন্ত্রীর নিশানায় যে প্রাক্তন তিন জন প্রতিনিধি, তাঁদের বিরুদ্ধে প্রথম থেকেই সরব নিহতের পরিবারও। সেই ৩ জনই হলেন, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে, এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় । এদের বিরুদ্ধেই দায়ের হয়েছে এফআইআর।             

Post a Comment

Previous Post Next Post