খড়গপুর : ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের থ্রেট কালচার নিয়ে সরব হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমনই রাজ্যের অন্যান্য নেতা-নেত্রীদের গলাতেও শোনা গিয়েছে কড়া সতর্কবার্তা। স্পষ্ট ভাষায় রাজ্যের নতুন সরকার শুরু থেকে জানিয়ে দিয়েছে থ্রেট কালচার, তোলাবাজি, সিন্ডিকেট... সবকিছুর ক্ষেত্রেই বিজেপি 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে। ফের একবার সেই সুরই শোনা গেল রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের মুখে।
দিলীপ ঘোষ পুলিশের সক্রিয়তা প্রসঙ্গে বলেছেন, 'আপনারা দেখেছেন ভিডিও, পুলিশ পাড়ায় ঢুকে তাড়া করে করে ধরছে পাতাখোরদের। কাউকে ছাড়া হবে না। আর দরকার হলে এনকাউন্টারও হবে যেমন বারুইপুরে হয়েছে পালাতে গিয়ে। সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপি জিতিয়েছেন। বিজেপির সরকার হয়েছে। আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে, করে কম্মে খাবে। কেউ যেন তাদের ভয় না দেখায়, অত্যাচার না করে। এই থ্রেট কালচার আমরা বন্ধ করতে চাই। পুলিশকেও আমি বলে দিয়েছি যে, পুলিশ যেন পুলিশের মতো দেখায়। পুলিশ কোনও পার্টির ক্যাডার হয়ে, বা গুন্ডার মতো, মাফিয়ার মতো ব্যবহার করবে... সেটা আমরা বরদাস্ত করব না। আর এই ধরনের কোনও সমস্যা হলে আমাদের জানাবেন। তার সমাধান আমরা করব। খড়গপুরে আশপাশের থেকে এসে চোর, ডাকার, গুন্ডা, বদমাশ চিরকাল দাপিয়ে বেরিয়েছে। পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো অভিযোগ করছেন যে পুলিশ বাড়াবাড়ি করছে। আমি বলছি পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল। তাহলে বাকিরা শান্ত থাকে। মানুষ এতদিন পুলিশকে পুলিশ হিসেবে দেখেনি। তারা হয় পার্টির ক্যাডার ছিল, নাহলে গুন্ডাদের ভাই ছিল। এর থেকে উদ্ধার করতে হবে।'