অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, 'জাহাজ নির্মাণ প্রকল্পের শিলান্যাসে রাজনাথ সিংহ এসেছেন। আজ বাংলার জন্য গর্বের দিন। যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ হচ্ছে রাজ্যে। পশ্চিমবঙ্গে ৩ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। আজ ভূমিপুজো শেষ হল, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করবে। আজ মোট ৫টি প্রকল্পের ভূমিপুজো হয়েছে।'
আগের তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধতে ছাড়েননি শুভেন্দু। বলেছেন, 'আগের সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ ইচ্ছুক ছিল না। বিনিয়োগের স্বর্গরাজ্য ছিল পশ্চিমবঙ্গ, বাংলায় জমি কোনও বাধা নয়। ডবল ইঞ্জিনের সরকারে সুফল পাবে পশ্চিমবঙ্গ। এতদিন সীমান্তে কাঁটাতার ছিল না। সীমান্ত সুরক্ষা নিয়ে কখনও ভাবেনি তৃণমূল। BSF-কে জমি দেয়নি আগের সরকার। সুরক্ষিত সীমান্ত আমাদের দায়িত্ব। বাম-তৃণমূলের ৫০ বছরের শাসন বাংলাকে পিছিয়ে দিয়েছে। সরকার বদল হতেই পশ্চিমবঙ্গে শেষ হয়েছে নেতিবাচক রাজনীতি। আবহওয়া বদলেছে, বাংলায় এখন শিল্পের দরকার। পশ্চিমবঙ্গের বিকাশের লক্ষ্যে যা করার করব।'
অনুষ্ঠানে হাজির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, 'প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ মোট ৫টি প্রকল্পের ভূমিপুজো হল। পশ্চিমবঙ্গ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার উন্নয়ন হচ্ছে। বিনিয়োগের গতি বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলায় এতদিন শিল্প বন্ধ হওয়ার খবর মিলত। বর্তমানে পশ্চিমবঙ্গে শুধু বিনিয়োগের খবর। পশ্চিমবঙ্গের মাটিতে দেশের প্রতিরক্ষায় নতুন প্রকল্প। বাংলার হাওয়ায় নতুন গন্ধ।'
প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, 'উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না। নীতি নিয়ে আত্মবিশ্বাসী হলেই উন্নয়ন হবেই। পশ্চিমবঙ্গে বিজেপির ১০৬ দিন হয়েছে। পশ্চিমবঙ্গ এখন অনেক আত্মবিশ্বাসী। নতুন সরকার ক্ষমতায় আসতেই ৪৫ দিনের মধ্যে সীমান্তে জমি দিয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য অর্থনীতিতে পরিবর্তন এসেছে। শিল্পের নবজাগরণ ঘটছে পশ্চিমবঙ্গে। সীমান্ত সুরক্ষায় ১১০০ একর জমি দিয়েছে রাজ্য সরকার।'