ফের জেল থেকে সাময়িক মুক্তি পেলেন ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং। ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাম রহিমকে মঙ্গলবার ২১ দিনের ফার্লো মঞ্জুর করেছে কর্তৃপক্ষ। এর ফলে ২০১৭ সালে সাজা ঘোষণার পর এখনও পর্যন্ত মোট ১৭ বার জেল থেকে সাময়িকভাবে বাইরে এলেন তিনি।
মঙ্গলবার সকালে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে যান রাম রহিম। সূত্রের খবর, সাময়িক মুক্তির সময় তিনি সিরসায় ডেরা সচ্চা সৌদার সদর দফতরে থাকবেন। কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে জেল থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
রাম রহিমের এবারের মুক্তি নিয়ে বিশেষভাবে আলোচনা তৈরি হয়েছে কারণ চলতি বছরেই এর আগে দু’বার জেল থেকে বাইরে এসেছেন তিনি। জানুয়ারিতে ৪০ দিনের প্যারোল এবং মে মাসে ৩০ দিনের প্যারোল পেয়েছিলেন ডেরা প্রধান। ৩০ দিনের প্যারোল শেষে ২৫ জুন তিনি জেলে ফিরেছিলেন। তার প্রায় দু’মাসের মধ্যেই ফের ২১ দিনের ফার্লো পেলেন তিনি।
২০১৭ সালে দুই মহিলা শিষ্যকে ধর্ষণের ঘটনায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করে আদালত। ওই মামলায় তাঁকে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যার মামলাতেও তাঁর যাবজ্জীবন সাজা রয়েছে।
২০১৭ সালের সাজা ঘোষণার পর ২০২০ সাল থেকে একাধিকবার প্যারোল ও ফার্লো পেয়েছেন রাম রহিম। ২০২৪ এবং ২০২৫ সালেও বিভিন্ন সময়ে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। বারবার প্যারোল বা ফার্লো পাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আগেও প্রশ্ন উঠেছে।
তবে প্যারোল এবং ফার্লো একই বিষয় নয়। দু’টিই নির্দিষ্ট নিয়ম ও শর্তের অধীনে কারাবন্দিকে সাময়িকভাবে জেলের বাইরে থাকার সুযোগ দেয়, যদিও দুটির আইনি ভিত্তি ও উদ্দেশ্যে পার্থক্য রয়েছে। রাম রহিমের ক্ষেত্রে সর্বশেষ ২১ দিনের সাময়িক মুক্তি সেই ব্যবস্থার আওতাতেই দেওয়া হয়েছে।