পাহাড়ের গ্রামে গ্রামে উন্নয়নের গতি বাড়াতে বৈঠক মন্ত্রী দিলীপের, ১০% পঞ্চায়েতে স্পেশ্যাল অডিটের নির্দেশ


দার্জিলিং ও কালিম্পংয়ের পঞ্চায়েত এলাকাগুলিতে উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ বৈঠক করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবারের বৈঠকে আবাস যোজনা, পাহাড়ি এলাকায় রাস্তা ও পানীয় জলের মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় স্তরে কোথায় সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের উপর জোর দেওয়া হয়েছে।
বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব-সহ বিভিন্ন আধিকারিক এবং ব্লকের বিডিওরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, প্রতিটি ব্লকের বিডিওর সঙ্গে কথা বলে স্থানীয় সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে। তাঁর দাবি, আগামী দু’-এক দিনের মধ্যে পঞ্চায়েতভিত্তিক এলাকায় উন্নয়নমূলক কাজের গতি আরও বাড়বে।
দিলীপ বলেন, গ্রামীণ উন্নয়নের জন্য এ বার বড় বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে কর্মীসংক্রান্ত সমস্যা এবং টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় কাজ ব্যাহত হয়েছে। বিশেষ করে ডুয়ার্স ও পাহাড়ের দরিদ্র মানুষের কাছে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।
বৈঠকে পঞ্চায়েত এলাকায় দুর্নীতির অভিযোগ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, এ বার প্রায় ১০ শতাংশ পঞ্চায়েতে বিশেষ অডিট করা হবে। পাশাপাশি পাহাড়ের জিটিএ-তে দুর্নীতির অভিযোগ নিয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কর্মীর অভাবে কিছু ক্ষেত্রে কাজের বিলম্ব হচ্ছে, সেই সমস্যা দ্রুত মেটানোর চেষ্টাও চলছে।
জেলাভিত্তিক উন্নয়ন পর্যালোচনার অংশ হিসাবেই এই বৈঠক বলে জানা গিয়েছে। রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা নিয়েও বৈঠক হতে পারে।

Post a Comment

Previous Post Next Post