বিকল্প প্রতীক এবং নাম নিয়ে নির্বাচন কমিশনকে প্রস্তাব জমা দিয়েছে 'কালীঘাট-তৃণমূল'। শুক্রবার সকাল ১১টার মধ্যে নির্বাচন কমিশনের তরফে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-কে তাদের দলের ৩টে বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার কথা বলা হয়েছিল। আগের রাত্রেই ইমেল মারফৎ কমিশনকে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশ মতো দলের নাম ও প্রতীক সংক্রান্ত ৩টে বিকল্প প্রস্তাব জমা দিলেও, গোটা বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'জোড়াফুল'-কে 'ফ্রিজ' করার প্রেক্ষিতে তীব্র আপত্তি জানিয়েছে তাঁরা।
বৃহস্পতিবার রাত ১১টা ৩৬ -এ ইমেলে দলের বিকল্প নাম ও প্রতীকের তালিকা কমিশনের কাছে পাঠানো হয়েছে। কিন্তু সূত্রের খবর, বিকল্প ৩টি নাম ও ৩টি করে 'ফ্রি সিম্বল'-এর প্রস্তাব জমা দেওয়ার যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে, সেই নির্দেশের বিরুদ্ধে কড়া চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাকে কোনও গণতান্ত্রিক সিদ্ধান্ত বলেই মনে করছে না তারা।
মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল শিবির মনে করছে, যে সিদ্ধান্ত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছে, তা গণতান্ত্রিক নয়। পাশাপাশি তারা মনে করছে, এতদিন তৃণমূল কংগ্রেসের যে সিম্বল ছিল বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি ব্যবহার করার অধিকার একান্তভাবে তাদেরই রয়েছে । তাদের সেই বক্তব্য ইমেল মারফৎ বৃহস্পতিবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন । তেমনটাই খবর কালীঘাট তৃণমূল সূত্রে।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' করে দেওয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা তাঁর X POST-এ লিখেছেন,
প্রথমে শিবসেনা, তারপর NCP, আর এখন তৃণমূল কংগ্রেস। প্রতিবার একই ধাঁচে বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে এক একটি রাজনৈতিক দলকে ভেঙে দেয়। তারপর সেই দলের নির্বাচনী প্রতীকও কেড়ে নেওয়া হয়। যদি গোটা একটি রাজনৈতিক দলই 'চুরি' হয়ে যেতে পারে, তাহলে কোটি কোটি ভারতীয়র ভোট 'চুরি' হওয়া আর অবাক হওয়ার মতো বিষয় নয়। ভোট চুরি। সরকার চুরি। এখন দল চুরি—এগুলোই এখন হয়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক পতনের প্রতীক।
এছাড়া এই বিষয়ে মুখ খুলেছেন অরবিন্দ কেজরিওয়ালও । আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের X POST-এ লিখেছেন, নিজের জন্মদিনে মোদিজি দেশকে এই উপহার দিলেন। এভাবে কি নির্বাচনে জেতা যায়?