*হাওড়া স্টেশনে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি, জিএম গীতিকা পাণ্ডের উপস্থিতিতে সাফাই অভিযান ও অত্যাধুনিক গাড়ির উদ্বোধন*
পূর্ব রেলের উদ্যোগে আজ হাওড়া স্টেশনে পালিত হল ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি। স্টেশনের পুরনো কমপ্লেক্সে বড় ঘড়ির নিচে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন জিএম গীতিকা পাণ্ডে হাওড়া স্টেশনের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। স্টেশন চত্বরকে কীভাবে আরও পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব করে তোলা যায়, সে বিষয়ে তিনি আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।
রেলের জায়গা দখল করে রাখা অবৈধ দোকানপাট ও অন্যান্য সামগ্রী সরিয়ে স্টেশন চত্বরকে সম্পূর্ণ দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়। যাত্রীরা যাতে আবর্জনামুক্ত, পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ সাফাই অভিযান চালানো হয়।
শুধু সাফাই অভিযানই নয়, এদিনের অনুষ্ঠানে পূর্ব রেলের তরফে যাত্রী পরিষেবা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে বেশ কয়েকটি অত্যাধুনিক গাড়িরও উদ্বোধন করা হয়।
স্বচ্ছতা ও আধুনিকীকরণের বার্তা নিয়েই হাওড়া স্টেশনে পূর্ব রেলের এই বিশেষ উদ্যোগ।