কলকাতা: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার। পুরনো একটি খুনের মামলায় পুলিশের জালে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। অভিযুক্ত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।
নন্দীগ্রামে উপনির্বাচনে বিধানসভার কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন মিলন প্রধান। দাবি করেছিলেন, সম্প্রতি প্রচার কাজ শুরু করবেন। সূত্রের খবর, আজ দুপুর থেকে অনেকক্ষণ ধরেই তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে জেলা পুলিশের সূত্র মারফত খবর যে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, পুরনো একটি খুনের মামলায় তাঁর নামে ওয়ারেন্টও ছিল।
নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে প্রার্থী পদ প্রত্যাহারের পরেই কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''উপনির্বাচনের জন্য আমরা সিদ্ধান্ত মেনেছি। নন্দীগ্রামে আমরা কংগ্রেসকে সমর্থন করব। ইন্ডি জোটকে শক্তিশালী করতে কংগ্রেসকে সমর্থন''।
নাম-প্রতীক হারানোর পর ফের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন সঞ্চিতা প্রধান দে। প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর প্রার্থী। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই প্রার্থী পদ প্রত্য়াহার করলেন সঞ্চিতা প্রধান দে। গতকাল রাতে ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র। গতকাল ময়দানের PWD টেন্টে মুখ্যমন্ত্রীর কাছে যান সঞ্চিতা প্রধান দে।
নন্দীগ্রাম উপ নির্বাচনের ভোট-যুদ্ধেই রইল না 'কালীঘাট-তৃণমূল'। মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে প্রার্থী করেছিলেন শেষ মুহূর্তে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে এবার সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিকেলে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তৃণমূল প্রার্থী। যার ফলে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আর কোনও প্রার্থীই রইল না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মায়ের কাছে সন্তান খুব আপন হয়, জানেন তো! মাকে হুমকি দেওয়া হয়েছে। আমি সব ডিটেলস বলব না। তিনি আমায় মেসেজ পাঠিয়েছিলেন, তিনি ভোটে লড়তে চান। ওকে (সঞ্চিতা প্রধান দে) ভয় দেখিয়েছে, বাচ্চাকে তুলে নিয়ে যাবে। তো কী করবে? আমার কোনও ক্ষোভ নেই। কারণ, আমি আগে থেকে ঠিক করেছিলাম, নন্দীগ্রাম আমি কংগ্রেসকে দেব।'