সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। বুধবার প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন পদ্ম পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুনর্গঠিত এই বোর্ডে হিন্দি ছবির পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখও রয়েছেন।
নতুন কমিটিতে মোট ১৮ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, রূপালি গঙ্গোপাধ্যায়, পল্লবী যোশী, পঙ্কজ ত্রিপাঠী এবং পরিচালক প্রিয়দর্শন। তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামও রয়েছে।
সিনেমাটোগ্রাফ আইনের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটি দায়িত্বে থাকবে।
এই সময়কালে ছবির সার্টিফিকেশন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব সামলাবেন নতুন বোর্ডের সদস্যরা। ফলে আগামী তিন বছর চলচ্চিত্রের সার্টিফিকেশন প্রক্রিয়ায় এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।