মন্মথপুরে জন্মাষ্টমী ও নন্দোৎসবের আয়োজন, শোভাযাত্রায় কৃষ্ণের বেশে ১৩১ শিশু


জন্মাষ্টমী ও নন্দোৎসব উপলক্ষে উৎসবের আমেজ মন্মথপুর প্রণব মন্দির চত্বরে। বিশ্ববন্দিত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের গৌরবময় ১৩১তম শুভ আবির্ভাব বর্ষ উপলক্ষে এবার আয়োজন করা হয় এক অভিনব ধর্মীয় ও সাংস্কৃতিক শোভাযাত্রার। এই শোভাযাত্রায় ১৩১ জন শিশুকে শ্রীকৃষ্ণের সাজে এবং ১৩১ জন মাকে মা যশোদার সাজে সুসজ্জিত করা হয়। স্বামী প্রণবানন্দ মাতৃসুরক্ষা মঞ্চ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রাটি এসে পৌঁছয় মন্মথপুর প্রণব মন্দিরে।
শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের শৈশবের বিভিন্ন লীলাকে তুলে ধরা হয়। মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রায় দুই শতাধিক খুদে পড়ুয়া কৃষ্ণের সাজে অংশ নেয় এই অনুষ্ঠানে। খুদেদের এমন অভিনব উপস্থাপনা ঘিরে স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। শোভাযাত্রার রাস্তার দু’ধারে ভিড় জমে যায় সাধারণ মানুষের। বিভিন্ন জায়গায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কোথাও মায়েরা কৃষ্ণরূপী শিশুদের ননী খাওয়ানোর চেষ্টা করেন, আবার কোথাও তাঁদের হাতে তুলে দেওয়া হয় জল ও বাতাসা। চার কিলোমিটার পথজুড়ে ভক্তি, সংকীর্তন ও উৎসবের আবহে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ।

Post a Comment

Previous Post Next Post