পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের তালিকায় কলকাতা পুরসভার এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন আপ্তসহায়ক কালীচরণ বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে।
গত ২৪ জুন তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোড সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ বিশাল গুদামের ছাদ ও লোহার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পরেই লালবাজারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের ‘সিট’ গঠন করে তদন্ত শুরু হয়।
প্রাথমিক তদন্ত ও ময়না–তদন্তের রিপোর্টের ভিত্তিতে সিট–এর গোয়েন্দারা নিশ্চিত হন, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং বেআইনি ভাবে নকশা পরিবর্তন করে ওই বহুতল গোডাউনটি নির্মাণ করা হচ্ছিল। তদন্তে সাহায্য নেওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদেরও। সুরক্ষা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন নির্মাণকাজ চলা এবং তদারকিতে ব্যাপক ত্রুটির কারণেই এই বিপর্যয় বলে চার্জশিটে দাবি করা হয়েছে।