১৫ দিন পঞ্চায়েত প্রধান অফিসে না গেলেই প্রশাসক বসিয়ে দেওয়া হবে, কড়া বার্তা মন্ত্রী দিলীপের



পঞ্চায়েত প্রধানদের কড়া বার্তা মন্ত্রীর। ১৫ দিন পঞ্চায়েতে না এলেই বসিয়ে দেওয়া হবে প্রশাসক। রবিবার কোচবিহারে এ কথা বললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে পালাবদল হতেই বিভিন্ন গ্রামপঞ্চায়েতে অচলাবস্থা দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের দখলে থাকা গ্রামপঞ্চায়েত গুলির সিংহভাগেই দেখা নেই প্রধানের। ফলে একদিকে যেমন মানুষ ভুগছেন, তেমনই সরকারি কাজে গতি হারিয়েছে। পড়ে রয়েছে টাকা। এই পরিস্থিতিতে ১৫ দিন যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্রধান আসবেন না, সেখানে প্রশাসক বসিয়ে দেওয়া হবে বলে জানালেন দিলীপ।

উন্নয়নমূলক কাজের গতি আনাই লক্ষ্য

পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি দেখতে জেলায় জেলায় যাচ্ছেন দিলীপ ঘোষ। সরকার এ বার গ্রামীণ উন্নয়নে বরাদ্দ বাড়িয়েছে। কাজের গতিতে কোনও আপস করতে নারাজ তারা। এখন বর্ষাকাল। সেটা একটা সমস্যা রয়েছে ঠিকই। তবে পঞ্চায়েত এলাকাগুলিতে সার্বিক ভাবে উন্নয়নমূলক কাজে পারফর্ম্যান্স বাড়ানোই টার্গেট রাজ্যের।

এক নজরে

  • ১৫ দিন গ্রাম পঞ্চায়েতে প্রধান অনুপস্থিত থাকলে প্রশাসক বসানোর কথা জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

  • কোচবিহারে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সংক্রান্ত রিভিউ বৈঠকের পর এই বার্তা দিয়েছেন তিনি।

  • প্রধানের অনুপস্থিতির পাশাপাশি অনাস্থা ও পদত্যাগের কারণে কয়েকটি পঞ্চায়েতে অচলাবস্থার কথা জানিয়েছেন মন্ত্রী।

  • গ্রামীণ উন্নয়নের কাজের গতি বাড়াতে পঞ্চায়েতগুলির পারফরম্যান্সের উপর নজরদারি বাড়াচ্ছে রাজ্য সরকার।

রিভিউ মিটিং মন্ত্রীর

দিলীপ ঘোষ বলেন, ‘গ্রামীণবিকাশ দপ্তরের যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে, তা নিয়েই রিভিউ বৈঠক ছিল আজ। আলিপুর ও কোচবিহার, দুই জেলার ডিএম, পঞ্চায়েত সচিব-সহ জেলা আধিকারিকরা ছিলেন। বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে পঞ্চায়েতে রাজনৈতিক কিছু সমস্যা আছে। সমাধানের রাস্তাও বলা হয়েছে।’

ডামাডোল পরিস্থিতি বহু পঞ্চায়েতে

কী সেই রাজনৈতিক সমস্যা? মন্ত্রীর উত্তর, ‘অনেক পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছে। কোথাও প্রধান ইস্তফা দিয়েছেন। সে সব জায়গায় ডামাডোল হয়েছে। তবে যে সব জায়গায় ১৫ দিন ধরে প্রধান আসছেন না, সেখানে প্রশাসক বসবেন, স্পষ্ট বলেছি। বিধায়কদের বললাম, তাঁরাও দেখেন। উন্নয়নের পথে যাতে কোনও কিছু অন্তরায় না হয়।’


Post a Comment

Previous Post Next Post