রাজ্যে আবাসন নীতিতে বড় বদল, এবার লিজ নয় ফ্রি-হোল্ড মালিকানা
কলকাতা: রাজ্যের আবাসন ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ঘোষণা করলেন মন্ত্রী দীপক বর্মন। এবার থেকে আবাসন প্রকল্পে ফ্ল্যাটের লিজ-হোল্ড মালিকানার বদলে সম্পূর্ণ ফ্রি-হোল্ড মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অবিক্রিত থাকা ফ্ল্যাটগুলিও দ্রুত সাধারণ মানুষের মধ্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, ২০২৪-২৫ সালে লটারির মাধ্যমে বহু মানুষ আবাসন পাওয়ার সুযোগ পেলেও আইনি জটিলতার কারণে তাঁদের হাতে ফ্ল্যাট তুলে দেওয়া সম্ভব হয়নি। সেই আইনি জটিলতা কাটানো হয়েছে। এবার তাঁদের ফ্ল্যাট হস্তান্তর করা সম্ভব হবে। বর্তমানে প্রায় ৩৭০টি ফ্ল্যাট অবিক্রিত রয়েছে। আগের সরকার যে ফ্ল্যাটগুলি নিজেদের হাতে রেখেছিল, সেগুলিই এবার বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর পাশাপাশি আবাসন পাওয়ার ক্ষেত্রে নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। আগে যাঁরা একবার ফ্ল্যাট পেয়েছেন, তাঁরা ফের নতুন ফ্ল্যাটের জন্য আবেদন করলে তা পাওয়ার সুযোগ ছিল না। এবার সেই নিয়মেও পরিবর্তন হচ্ছে। অবিক্রিত ফ্ল্যাটগুলির ক্ষেত্রে ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ পদ্ধতিতে আবেদনকারীদের ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে ভবিষ্যতে নতুন আবাসন প্রকল্পগুলিতে আগের মতোই নির্দিষ্ট প্রক্রিয়া বা লটারির মাধ্যমে ফ্ল্যাট বণ্টন করা হবে।
একাধিক নতুন আবাসন প্রকল্পের উদ্যোগ
নতুন আবাসন তৈরির ক্ষেত্রেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী।
- জলপাইগুড়ির রাজপাইয়ে প্রায় ৭ একর জমি উন্নয়ন করে LIG ও MIG আবাসন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
- শিলিগুড়ির হিমালয় কন্যায় G+7 আবাসিক প্রকল্প তৈরি করা হবে।
- ঠাকুরপুকুরে প্রায় ২২ একর জমিতে LIG, MIG এবং HIG—তিন ধরনের মানুষের জন্য আবাসন তৈরি করা হবে। প্রকল্পটি ডিসেম্বর ২০২৮-এর মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য।
- নিউটাউনের অ্যাকশন এরিয়া-১-এ ১২টি প্লটে G+7 আবাসন তৈরি করা হবে। সেখানে প্রায় ৪৮টি ফ্ল্যাট তৈরি হবে এবং মার্চ ২০২৮-এর মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
- অ্যাকশন এরিয়া-২-এ দীর্ঘদিন স্থগিত থাকা ‘সান রে’ HIG আবাসন প্রকল্প ফের চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পে ৫০০-র বেশি ফ্ল্যাট থাকবে।
সব মিলিয়ে নতুন ও পরিকল্পিত আবাসন প্রকল্পগুলির মাধ্যমে প্রায় ৩৫০০ পরিবার উপকৃত হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে LIG ও MIG শ্রেণির মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার।
মন্ত্রী জানান, LIG আবাসনের ক্ষেত্রে কার্পেট এরিয়া অনুযায়ী প্রতি বর্গফুটে প্রায় ৪৫০০ টাকা এবং MIG আবাসনের ক্ষেত্রে প্রায় ৫৫০০-৫৬০০ টাকা দরে আবাসন দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইটভাটা পুনরুজ্জীবনে উদ্যোগ
রাজ্যের বিভিন্ন প্রান্তে কার্যত বন্ধের মুখে থাকা ইটভাটাগুলিকেও পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে প্রায় ৬ হাজার কর্মসংস্থান তৈরি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী।
রেরার কাজেও গতি আনার উদ্যোগ
ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি (রেকা)-র কাজ নিয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে সদস্যের অভাব-সহ একাধিক সমস্যার কারণে রেরার কাজ ঠিকমতো হচ্ছিল না। সেই সমস্যাগুলি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
চালু হচ্ছে ডিজিটাল পোর্টাল
সাধারণ মানুষের সুবিধার জন্য আবাসন দফতরের কাজকর্ম আরও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে অভিযোগ দায়ের করা থেকে শুরু করে শুনানির তারিখ, শুনানিতে কী সিদ্ধান্ত হয়েছে এবং ফলাফল—সমস্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে।
এর ফলে সাধারণ মানুষকে বারবার দফতরে এসে সময় নষ্ট করতে হবে না এবং হয়রানিও কমবে বলে দাবি দফতরের। একইসঙ্গে আবাসন দফতরের কাজ আরও দ্রুত ও কার্যকর করতে নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু করা হবে।