মৃত্যুশয্যায় ছেলেকে বারবার দেখতে চেয়েও পাননি। শেষে মায়ের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে ছাড়া পান রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় প্রভু (Chinmoy Krishna Das)। তারপর বাড়ি ফিরে মৃত মায়ের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। এবার সেই চিন্ময় প্রভু এবার কারাগারের ভিতরেই প্রয়াত মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এর জন্য নির্দিষ্ট ধর্মীয় বিধি পালনের সুযোগ এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনের অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশের অনুমতি চেয়ে চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেছেন। এই মুহূর্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি চিন্ময় প্রভু। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভিতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির সীমিত। বিষয়টি কারাবিধি, নিরাপত্তা ও আইনগত দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।