শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথের মা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী? তুঙ্গে জল্পনা


হাইভোল্টেজ নন্দীগ্রামে উপনির্বাচন (Nandigram By Election)। তাই স্বাভাবিকভাবেই সেদিকে নজর সকলের। তৃণমূলের ভরাডুবির পর কে প্রার্থী হবেন, তা নিয়ে চলছে চাপানউতোর। দলের সুদিনের মতো দুর্দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়কেও প্রার্থী হওয়ার আবেদন জানিয়েছেন ‘কালীঘাটপন্থী তৃণমূল’ নেতা আবু তাহের। কিন্তু বিজেপির হয়ে লড়বেন কে? শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে নাকি প্রার্থী হতে পারেন তাঁর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রথ। বলে রাখা ভালো, ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে। যদিও বিজেপির তরফে প্রার্থী কে হবেন, সে বিষয়ে জানানো হয়নি কিছুই।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা আগে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে আততায়ীরা গুলি করে খুন করেছিল। সেই চন্দ্রনাথের মা হাসি রথ দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর নাম এবার নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় প্রথম সারিতে রয়েছে। সেইসঙ্গে শোনা যাচ্ছে অঞ্জন ভারতী,মেঘনাদ পাল এবং প্রলয় পালের নাম। তিনজনেই বিজেপির তমলুক সাংগঠনিক জেলা বিজেপির কার্যকর্তা হিসেবে বিশেষ পরিচিত। তবে শেষমেষ কোন নাম শুভেন্দু অধিকারীর উত্তরসূরী হিসেবে প্রার্থী তালিকায় আসে তা দেখার জন্যে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা বলেন, আমাদের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী ঘোষনা করবেন রাজ্য ও কেন্দ্রিয় নেতৃত্ব। এবিষয়ে আমার কিছু বলার নেই।
এদিকে, নন্দীগ্রামের উপনির্বাচন কেন্দ্র করে তৃণমূলের মধ্যে কোন সাড়া নেই। এমনকী প্রশাসনিক সর্বদলীয় বৈঠকেও তাদের দেখা যায়নি। বিজেপি সরকার গঠনের পর থেকে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল নেতৃত্বরা জোড়াফুল প্রতীক থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করেছেন। তারপরে জেলার নেতাদের আর তেমন কোন রাজনৈতিক কর্মসূচিতে দেখাযায়নি। তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের প্রাক্তন বিধায়ক অখিল গিরিকে দুই একবার বৈঠক করতে দেখা গিয়েছিল। তবে উপনির্বাচন ঘোষনা হতেই উনার মোবাইল ফোন বন্ধ রয়েছে। আর অন্যান্য কোন নেতৃত্ব ফোন ধরছেন না। যদিও রাজনৈতিক মহলের দাবি, নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূলের রাজনৈতিক কেরিয়ারে ইতি পড়া শুধু সময়ের অপেক্ষা।

Post a Comment

Previous Post Next Post