যুবভারতীর মাঠে নিয়ে অসন্তুষ্ট ছিল ব্রাজ়িল, নতুন করে রিপোর্ট দিল ভিনিসিয়সদের দেশ, জানিয়ে দিল কলকাতার ম্যাচের ভবিষ্যৎ


কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠ নিয়ে ব্রাজ়িলের প্রতিনিধি দলের প্রাথমিক অসন্তোষ ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। মাঠের ঘাস এবং অনুশীলনের পরিকাঠামোর মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রাজ়িল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর প্রতিনিধিরা। তবে সেই আপত্তি আপাতত মিটেছে। কলকাতার মাঠ নিয়ে নতুন রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেছে ব্রাজ়িলের ফুটবল কর্তৃপক্ষ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিবিএফের প্রতিনিধি দলের রিপোর্ট পাওয়ার পর যুবভারতীর মাঠ নিয়ে আর কোনও আপত্তি জানায়নি ব্রাজ়িলের কর্তারা। ফলে আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজ়িল ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হওয়া সংশয়ও অনেকটাই কেটে গেল।
বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দলের কলকাতা সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে অগস্টের মাঝামাঝি শহরে এসেছিল সিবিএফের প্রতিনিধি দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) প্রতিনিধিদের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গন-সহ ম্যাচ সংক্রান্ত বিভিন্ন পরিকাঠামো পরিদর্শন করেন তাঁরা।
সাজঘর, অনুশীলনের ব্যবস্থা, যাতায়াত এবং থাকার বন্দোবস্তের পাশাপাশি বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছিল যুবভারতীর মাঠের ঘাসের মান ও ঘনত্বের দিকে। অনুশীলনের মাঠ নিয়ে সেই সময় অসন্তোষও প্রকাশ করেছিলেন ব্রাজ়িলের প্রতিনিধিরা। তাঁদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।
এর পর নতুন করে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখে সিবিএফ। সেই রিপোর্টেই কলকাতার মাঠ নিয়ে সন্তুষ্টির কথা জানানো হয়েছে বলে খবর। ফলে ভিনিসিয়স জুনিয়রদের কলকাতায় এসে ভারতের বিরুদ্ধে খেলার পথে আপাতত আর কোনও বাধা রইল না।

Post a Comment

Previous Post Next Post