নাকা চেকিং চলাকালীন বোলেরো গাড়ি থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল জাল নোট এবং আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ‘আমজনতা উন্নয়ন পার্টি’র রাজ্য সম্পাদক আশিক ইকবাল-সহ দু’জনকে। শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার গাড়িনামা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গাড়িনামা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল হরিহরপাড়া থানার একটি বিশেষ দল। সেই সময় একটি বোলেরো গাড়িকে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ১০৮টি ৫০০ টাকার জাল নোট। অর্থাৎ মোট ৫৪ হাজার টাকার জাল নোট ছিল গাড়িতে।
শুধু জাল নোট নয়, তল্লাশিতে দু’টি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর পরেই গাড়িতে থাকা আশিক ইকবাল এবং বাবলু শেখকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, ধৃত আশিক হরিহরপাড়ার কেবলরামপুরের বাসিন্দা। তিনি ‘আমজনতা উন্নয়ন পার্টি’র রাজ্য সম্পাদক। গত বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। অপর ধৃত বাবলু শেখ সাহাজাদপুরের বাসিন্দা।
জাল নোট এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, গাড়িতে থাকা ব্যক্তিদের সঙ্গে এর কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না—তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা চলছে।