দীর্ঘদিনের একনায়কতন্ত্র, আর্থিক তছরূপ, একাধি আইনি জটিলতার মতো একাধিক অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরী একটি চিঠি পাঠিয়েছেন। সিবিআই তদন্ত বা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটির দাবি করা হয়েছে চিঠিতে। পাশাপাশি মন্দির পরিচালনায় অবিলম্বে হস্তক্ষেপের দাবিও জানানো হয়েছে।
রায়চৌধুরী পরিবার পরিষদের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে যে দাবিগুলি জানানো হয়েছে, তা হল – কালীঘাট মন্দিরের যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অবিলম্বে সিবিআই তদন্ত দেওয়া হোক। তা না হলে হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরনেতৃত্বে বিশেষ সিট গঠনের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নিয়ম মেনে জেলা জজ, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধি ও সাবর্ণ পরিবারের দু’জন সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কালীঘাট মন্দিরের নতুন পরিচালন কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে চিঠিতে।
সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরীর জানিয়েছেন, “গোটা ঘটনায় ধাপে ধাপে পদক্ষেপ করতে চাই। প্রথমে জেলা জজকে বিষয়টি জানিয়েছিলাম। সেখান থেকে জবাব না পেতে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিতে বাধ্য হলাম। এতেও সাড়া না পেলে জনস্বার্থ মামলার কথা ভাববো।” কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার পাশাপাশি ছবি-ভিডিও তোলায় মন্দিরের গরিমা নষ্ট হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ তোলে সাবর্ণ রায়চৌধুরী পরিবার।