পাসপোর্ট ভেরিফিকেশন ব্যবস্থায় বড়সড় বদল আনল লালবাজার। আগামী ১ অক্টোবর থেকে পাসপোর্টের আবেদন এবং নবীকরণের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব আর স্থানীয় থানার হাতে থাকবে না। এ বার থেকে ভেরিফিকেশনের মূল দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন (এসসিও)।
কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। পাসপোর্ট সংক্রান্ত যে ভেরিফিকেশনগুলি এখনও বাকি রয়েছে, সে–সবের স্টেটাস রিপোর্টও তলব করেছেন তিনি। সেই সঙ্গে এ বছরের মধ্যে সেই সব নথি যাচাইয়ের কাজ শেষ করার বার্তাও দিয়েছেন সিপি।
এতদিন কলকাতা পুলিশের এসসিও-র পাশাপাশি থানাগুলিও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করত। আবেদনকারীর ঠিকানা এবং নথিপত্র যাচাই-সহ বিভিন্ন স্তরের অনুসন্ধান থানার আধিকারিকদের মাধ্যমেই প্রধানত করা হতো। কিন্তু গত দু’বছর ধরে পাসপোর্ট ভেরিফিকেশের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ উঠছিল। থানার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করছিলেন আবেদনকারীরা।