প্রয়াত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, ক্যান্সার কেড়ে নিল ‘কলকাতার রেখা’কে



অন্তরালেই চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। যাঁর সৌন্দর্য, অভিনয় আর ব্যক্তিত্ব একসময় বাংলা ছবির পর্দায় তৈরি করেছিল নিজস্ব এক আবহ। তাঁর জীবনের শেষ অধ্যায়টিও কাটল লোকচক্ষুর আড়ালে। ক্যান্সারে সঙ্গে লড়াই থামল তাঁর। রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 'কলকাতার রেখা'।

সাতের দশকের বাংলা ছবিতে তাঁর উপস্থিতি ছিল অন্যরকম। সৌন্দর্যের সঙ্গে অভিনয়ের সাবলীলতা, পর্দায় এক ধরনের সহজাত আকর্ষণ—সব মিলিয়ে মিঠু হয়ে উঠেছিলেন সেই সময়ের অন্যতম আলোচিত নায়িকা। কিন্তু যতটা দ্রুত তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন, ততটাই নিঃশব্দে সরে গিয়েছিলেন আলো থেকে।

সুচিত্রা সেনের পরে বাংলা ছবির জগতে মিঠু মুখোপাধ্যায়ই একমাত্র নায়িকা, যিনি একসময় জনপ্রিয়তার শিখরে থেকেও নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছিলেন জনসমক্ষ থেকে। ব্যক্তিগত জীবনকে রেখেছিলেন আড়ালে।

স্বয়ংসিদ্ধা’, ‘মর্জিনা আবদুল্লা’, ‘মৌচাক’, ‘বেশ করেছি প্রেম করেছি’—সাতের দশকের বাংলা সিনেমায় তাঁর উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। কখনও প্রেমিকা, কখনও প্রাণবন্ত তরুণী, কখনও আবার একেবারে অন্য মেজাজের চরিত্র—নিজেকে একটি নির্দিষ্ট ছকে আটকে রাখেননি মিঠু। তাঁর অভিনয়ে যেমন ছিল স্বতঃস্ফূর্ততা, তেমনই ছিল ক্যামেরার সামনে প্রাণখোলা উপস্থিতি।

Post a Comment

Previous Post Next Post