কলকাতা : দুর্গাপুজো নিয়ে মিলন মেলা প্রাঙ্গণ থেকে একগুচ্ছ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাতৃপক্ষ বা দেবীপক্ষ শুরু হওয়ার আগে পুজো উদ্বোধন নয়। মহালয়ার আগে কোনও পুজোর উদ্বোধন করা যাবে না। রাজ্যের চারপাশের জাতীয় সড়ক বন্ধ করা যাবে না। কলকাতার ১৩টি রাস্তা খোলা রাখতে হবে। এই রাস্তাগুলি বন্ধ করে পুজো করা যাবে না। সেই তালিকায় রয়েছে ডিএল খান রোড, রেড রোড, জওহরলাল নেহেরু রোড, স্ট্র্যান্ড রোড, খিদিরপুর রোড, বর্ধমান রোড, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, নির্মল চন্দ্র স্ট্রিট, লেনিন সরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিট, পার্ক সার্কাস কানেক্টর, প্রিন্স আনোয়ার শাহ রোড। দুর্গাপুজো এবং বিসর্জনে ডিজে বাজানো যাবে না। লক্ষ্মীপুজোর আগে বিসর্জন শেষ করতে হবে। মহাষ্টমীর দিন রাজ্যজুড়ে বন্ধ থাকবে মদের দোকান। বারেও বিক্রি হবে না মদ। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আবেদনও জানিয়েছেন, যে পুজোর থিমে, প্রতিমা নির্মাণের ক্ষেত্রে, প্যান্ডেলে যাতে এমন কিছু করা না হয়, যার দ্বারা দুর্গাপুজোর ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যে আঘাত লাগে।
অতীতে এ রাজ্যে মহালয়ার আগে দুর্গাপুজোর উদ্বোধন হতে দেখেছে মানুষ। পিতৃপক্ষের অবসান হয়নি, দেবীপক্ষের সূচনা হয়নি, তার আগেই দুর্গাপুজোর মণ্ডপ খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, এমন দৃশ্যই গত বেশ অনেক বছর ধরে পরিচিত হয়ে গিয়েছিল। তবে এবার আর তা হবে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, দেবীপক্ষের সূচনা না হলে কোনও পুজোর উদ্বোধন করা যাবে না। এখানেই শেষ নয়, বিসর্জনের ক্ষেত্রেও একটা সময়সীমা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষ্মীপুজো ২৫ অক্টোবর। তার আগে দুর্গাপুজোর বিসর্জন শেষ করতে হবে। পুজোর সময় শহরের একাধিক রাস্তাঘাট বন্ধ করে পুজো করার চলও এ রাজ্যে দেখা গিয়েছে। তবে এবার সেটাও করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুজোর অনুদান নিয়েও বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হলেও মুখ্যমন্ত্রী বলছেন, যাদের প্রয়োজন রয়েছে, অর্থাৎ এই সরকারি অনুদান না পেলে হয়তো পুজো করতে সমস্যা হতে পারে, তারা যেন অনুদান নেয়। এর পাশাপাশি তিনি এও বলেছেন, বড় ক্লাবগুলি বা বড় পুজোগুলি যাদের সেভাবে হয়তো আর্থিক অনুদানের প্রয়োজন নেই, তারা অনুদান না নিলে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানাবেন।