অতিবৃষ্টির জেরে হড়পা বান ও ধসের আশঙ্কা! চারধাম যাত্রা দু’দিনের জন্য স্থগিত করে দিল উত্তরাখণ্ড সরকার


অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে উত্তরাখণ্ডে সতর্কতা জারি করেছে প্রশাসন। দিল্লির মৌসম ভবন সে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে লাল সতর্কতা জারি করেছে। পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী দু’দিনের জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। ফলে কেদারনাথ, বদরীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের উদ্দেশে নতুন করে যাত্রা আপাতত বন্ধ থাকছে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুরের পর থেকেই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে বাগেশ্বর, পিথোরাগড়, চম্পাবত, নৈনিতাল এবং উধম সিংহ নগর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেহরাদূন, আলমোড়া, পউরি, চামোলি এবং রুদ্রপ্রয়াগ-সহ একাধিক পার্বত্য জেলাতেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে হড়পা বান, ভূমিধস এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে চারধাম যাত্রার গুরুত্বপূর্ণ রাস্তাগুলির উপর এর প্রভাব পড়তে পারে। কোথাও ধস নামলে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি তীর্থযাত্রীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। সেই কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
চলতি বছরেও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান এবং ভূমিধসের একাধিক ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রাণহানির পাশাপাশি বহু জায়গায় রাস্তা ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নতুন করে দুর্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় ঝুঁকি না নিয়ে তীর্থযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আবহাওয়ার উন্নতি এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই চারধাম যাত্রা ফের শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে তীর্থযাত্রীদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post