কোচবিহার: কোচবিহারে নতুন একটি এক হাজার শয্যার হাসপাতাল হতে চলেছে। সোমবার কোচবিহারে এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। কোচবিহার এমজেএন মেডিক্যালে বর্তমানে ৬৭৮ শয্যা রয়েছে। তবে রোগীর চাপ বেশি থাকায় সিংহভাগ সময় একটি শয্যায় দু’জন করে রোগীকে থাকতে হয়। রোগীর চাপ সামলাতে নতুন হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবেকানন্দ স্ট্রিটে মেডিক্যালের অ্যাকাডেমিক ভবনের পাশে জমিও রয়েছে। তাই হাসপাতাল তৈরিতে জমির কোনও অভাব হবে না বলে মনে করছে রোগী কল্যাণ সমিতি। এদিনের বৈঠকে চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতাল ভবনকে নতুনভাবে সাজিয়ে তোলা–সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।