বর্ধমান : "বাকি যোগ্যরাও আগামী মাসে পেয়ে যাবেন।" অন্নপূর্ণা যোজনা নিয়ে দিনকয়েক আগে ফের একবার এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনকয়েক আগে কৃষকের উন্নয়ন, পশ্চিমবঙ্গের অগ্রগতির লক্ষ্যে প্রতি ইউনিটে ২ টাকা অতিরিক্ত ভর্তুকির সূচনা অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান গিয়েছিলেন তিনি। সেখানেই অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি জানান, ইতিমধ্যেই রাজ্যে ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় প্রাপকের সংখ্যাও বিস্তারিত তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, "অন্নপূর্ণা যোজনায় এই জেলায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা, দিদি-বোনেরা আবেদন করেছিলেন ১২ লক্ষ ৩৮ হাজার ৭৮১ জন। এরমধ্যে প্রাথমিকভাবে অ্যাপ্রুভ হয়েছে ১১ লক্ষ ৫৬ হাজার ৩৩২ জন। আন্ডার প্রসেস কয়েক হাজার আছে। রিজেক্ট হয়েছে ১৭ হাজার ৪৫। ভেরিফিকেশন পেন্ডিং ১০ হাজার ৭১৪। টোটাল আমাদের ক্রেডিট হয়েছে ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১। বাকি যাদের ভেরিফিকেশনে অ্যাপ্রুভ হয়েছে তাদের পুজোর আগে আমরা বাকিদেরও টাকা ট্রান্সফার করে দেব। ৯ লক্ষ ৫২ হাজার ইতিমধ্যে পেয়েছেন। ১৫টা বিধানসভা কেন্দ্র। হিসাব করে দেখুন, গড়ে ৬৫ থেকে ৭০ হাজার করে এক একটা বিধানসভা কেন্দ্রে দিদি-বোনেরা পেয়েছেন। আরও যারা যোগ্য আছেন তাঁদেরও আমরা দিয়ে দেব। ৫০০ টাকা দিতে আগের সরকার ৯ মাস লাগিয়েছিল। আর আমাদের তো ৫ মাসও হয়নি। তারমধ্যেই ১ কোটি ৫৮ লক্ষ মহিলাকে দিয়েছি। এই জেলায় ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জন দিদি-বোনেরা অ্যাকাউন্টে টাকা গেছে। বাকি যোগ্যরাও আগামী মাসে পেয়ে যাবেন।"