কার্নিভাল বাতিল, মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির বিশাল শো, সরকারের তরফে দেওয়া হবে শারদ সম্মান, ঘোষণা মুখ্যমন্ত্রীর


এবছর আর দুর্গাপুজোর পর কার্নিভাল হবে না, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'গত কয়েক বছর ধরে পুজোর পরে কার্নিভালের নামে যে চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার হয়েছে, এবার সেটা হচ্ছে না।' এই ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী বলেন, 'ক্লাবগুলো খুশি মনে হচ্ছে...।' এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যটন দফতর এবং তথ্য সংস্কৃতি দফতর যৌথভাবে মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি পালন করবে। আর এই অনুষ্ঠান হবে ইডেন গার্ডেনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মহালয়ার দিন ইডেনে চার ঘণ্টার কর্মসূচি রয়েছে দুর্গাপুজো সূচনার জন্য। সেদিন ড্রোন শো এবং আতসবাজির শো হবে ইডেন গার্ডেন্সে। আকাশপথে হাজার হাজার ড্রোনের মাধ্যমে দেখা যাবে মায়ের আগমন। শহরজুড়ে বিরাট বড় রোড শো হবে। ব্র্যান্ডিংয়েরও ব্যবস্থা থাকবে। দিঘায় পর্যটন দফতর মহালয়ার পরে আরেকটি অনুষ্ঠান করবে। এছাড়াও রাজ্যের ৬ শহরে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ৪টি ঘাটে সাজসজ্জা এবং সাংস্কৃতিক কার্যক্রম করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সবকিছুর জন্য বড় মাপের বাজেটও বরাদ্দ করা হয়েছে। মিলনমেলা প্রাঙ্গণ থেকে সোমবার দুর্গাপুজো নিয়ে এইসব ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে, রাজ্য সরকারের তরফে শারদ সম্মান দেওয়া হবে শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ, শ্রেষ্ঠ পরিবেশবান্ধব পুজো, শ্রেষ্ঠ জনসমাগম, ভিড় ব্যবস্থাপনা, শ্রেষ্ঠ মণ্ডপ ও মৃৎশিল্পী - এইসব বিষয়ে। আর বিচারকমণ্ডলীতে থাকবেন সেইসব মানুষ, যাঁরা নিরপেক্ষ এবং দুর্গাপুজোর বিষয়ে জানেন, পুজোর ধর্মীয়, শাস্ত্রীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানেন। এর ফলে যাদের পুরস্কার দেওয়া হবে, তাদের নির্বাচন সঠিকভাবে হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, পুজো করার জন্য কাউকে যেন হাইকোর্টে গিয়ে অনুমতি নিতে না হয়, সেই দিকটাও দেখতে হবে। বিগত সরকারের আমলে এমন ঘটনা ঘটেছে। তবে এবার যেন আর তা না ঘটে সেই ব্যাপারে তিনি নিজেও তৎপর থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মহালয়ার দিন সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে অনুষ্ঠিত হবে বৃহৎ কর্মসূচি। দুর্গাপুজোকে আরও একবার বিশ্বের শ্রেষ্ঠ উৎসব হিসেবে বিশ্বের দরবারে চিত্রায়িত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার।

Post a Comment

Previous Post Next Post