মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) জন্মশতবার্ষিকী স্মরণে কলকাতার নন্দন (Nandan) প্রাঙ্গণ থেকে শুরু হয় বিশেষ এক পদযাত্রা। চলচ্চিত্র জগৎ ও সংস্কৃতির নানা ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক অনন্য মাত্রায় পৌঁছয়। পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পদযাত্রার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নন্দন প্রাঙ্গণে উত্তম কুমারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই বর্ণাঢ্য পদযাত্রার সূচনা করা হয়। পদযাত্রায় অংশ নেন টলিউডের গুণী কলাকুশলী, সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্র প্রেমীরা। মহানায়কের কালজয়ী সিনেমার নানা পোস্টার, ব্যানার ও স্মৃতিচিহ্ন নিয়ে পদযাত্রাটি এগিয়ে চলে। নন্দন চত্বর থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, বিড়লা প্ল্যানেটোরিয়াম, নেহেরু চিলড্রেন মিউজ়িয়াম হয়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় গিয়ে শেষ হয় পদযাত্রা।
এর পরে সাড়ে সাতটা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একতারা মুক্ত মঞ্চে পৌঁছনোর কথা। সেখানেও মহানায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবেন তিনি। সঙ্গে থাকবেন অতিথি-অভ্যাগতরা।এর আগে সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন চত্বরে মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একঝাঁক অভিনেতা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জিৎ, গৌতম ঘোষ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী-সহ টলিউডের একঝাঁক প্রথম সারির মুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ৩ সেপ্টেম্বর থেকে টানা চার দিন ধরে চলবে এই অনুষ্ঠান।