নিজের কেন্দ্রেই ডিম-হামলা, ‘চোর’ স্লোগান, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে এবার শাহের বাড়িতে সৌগত



নিজের লোকসভা কেন্দ্রে পরপর হামলার শিকার। এবার নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ দমদমের তৃণমূল সাংসলদ সৌগত রায়। সশরীরে অমিত শাহের বাড়িতে গিয়ে চিঠিও দেন তিনি। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি বলেই জানা গিয়েছে। ১৮ আগস্ট কলকাতা বিমানবন্দরে হামলার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা দাবি করেন সৌগত রায়। তাঁর উপরে হামলার নেপথ্যে দুই বিজেপি বিধায়াকের প্রত্যক্ষ উসকানির কথাও তিনি উল্লেখ করেন চিঠিতে।
জনপ্রতিনিধি হিসেবে যাতে নির্বিঘ্নে ও নিরাপদে নিজের সংসদীয় দায়িত্ব পালন করতে পারেন,তার জন্য জরুরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দেন সাংসদ সৌগত রায়। বিস্তারিত চিঠিতে তিনি উল্লেখ করে লেখেন, গত ১৮ আগস্ট কলকাতা বিমানবন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় তাঁর উপরে হামলা হয়। অভিযোগ, সে সময় একদল তাঁর গাড়ি ঘিরে ফেলে। গালিগালাজ ও কুরুচিকর স্লোগানের সঙ্গে তাঁকে আক্রমণের চেষ্টাও চালানো হয়। বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পদ থেকে তাঁর ইস্তফারও দাবি তোলা হয় বলে জানিয়েছেন তিনি। কোনওক্রমে আক্রমণ থেকে বেঁচে গেলেও সৌগতবাবুর দাবি, এই সম্পূর্ণ ঘটনার নেপথ্যে বিজেপির দুই বিধায়ক অরিজিৎ বক্সী এবং সৌরভ সিকদারের প্রত্যক্ষ উসকানি ছিল।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, বৈঠক চলাকালীনও ওই দুই বিধায়ক হামলাকারীদের সমর্থন করেন এবং তাঁকে কথা বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন সাংসদ। বৈঠকে সেরে বেরনোর পর ফের তাঁর উপর হামলার চেষ্টা হয় বলে জানিয়েছেন তিনি। তবে স্থানীয় পুলিশ ও সিআইএসএফের সহায়তায় তিনি রক্ষা পান। হামলার পর এনএসসিবিআই বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে শাহকে জানান সৌগত। নিজের লোকসভা কেন্দ্রে তাঁর উপর দ্বিতীয় আক্রমণ বলে উল্লেখ করে সৌগত রায়ের আর্জি, যাতে ভয়মুক্ত পরিবেশে তিনি কাজ করতে পারেন, তাঁর নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রক যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে, অমিত শাহকে চিঠিতে সেই দরবারই করেন সৌগত রায়। উল্লেখ্য, এর আগে বিমানবন্দরে বিক্ষোভের ঘটনা নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দ্বারস্থ হয়েছিলেন তিনি। এদিন ফের নিরাপত্তার দাবিতে শাহি দরবারে তৃণমূল সাংসদ।

Post a Comment

Previous Post Next Post