৪১ বছর পর এয়ার ইন্ডিয়ার ‘কণিষ্ক’ বিমান বিস্ফোরণ মামলার তদন্ত ধীরে ধীরে গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে কানাডা। এনডিটিভি-তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। সম্প্রতি টরন্টোয় কণিষ্ককাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন তদন্তের দায়িত্বে থাকা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (RCMP) আধিকারিকেরা। সেখানেই তদন্তকারী টাস্কফোর্সের পরিসর কমানো এবং ধাপে ধাপে তদন্তপ্রক্রিয়া বন্ধ করার সম্ভাবনার কথা জানানো হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি।
কানাডা পুলিশের এই সিদ্ধান্তের সম্ভাবনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিজনেরা। তাঁদের বক্তব্য, এত বছর পরেও এই ভয়াবহ বিস্ফোরণকাণ্ডের তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সত্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।
১৯৮৫ সালের ২৩ জুন। মন্ট্রিয়ল থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৮২ মাঝ-আকাশে বোমা বিস্ফোরণে ভেঙে পড়ে। বোয়িং ৭৪৭ বিমানটিতে থাকা ৩২৯ জন যাত্রী ও বিমানকর্মীর সকলেই নিহত হন। তাঁদের মধ্যে ২৬৮ জন ছিলেন কানাডার নাগরিক। বিমানটির নাম ‘কণিষ্ক’ হওয়ায় এই ঘটনা ‘কণিষ্ক বিমান বিস্ফোরণ মামলা’ নামে পরিচিত।