আর জি করে আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপের পর এবার জামিন ভেন্ডার সুমনের



আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতিতে (RG Kar Corruption Case) এবার জামিন পেলেন ভেন্ডার সুমন হাজরা। শুক্রবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। ২০২৪ সালে অভয়া কাণ্ডের পর আর জি করে মেডিক্যালে আর্থিক দুর্নীতির অভিযোগের কিনারা করতে নামে ইডি ও সিবিআই। বেআইনিভাবে অন্যকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন কলেজের ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে দু’জন। পরে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও গ্রেপ্তার হন। সুমন ও বিপ্লব তাঁর ঘনিষ্ঠ ছিলেন। পুজোর আগেই সুপ্রিম কোর্ট জামিন দিয়েছিল সন্দীপকে। এবার হাই কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন ভেন্ডার সুমন হাজরা।
২০২৪ সালে আর জি কর মেডিক্যালে দুর্নীতির মামলায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। হাওড়ার বাসিন্দা এই দু’জনকে সন্দীপ ঘোষ বেআইনিভাবে প্রচুর সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলেন। কারণ, তাঁরা সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। সেই থেকে দু’জনই জেলবন্দি ছিলেন। পুজোর ঠিক আগেই বিচার প্রক্রিয়া বিলম্বের যুক্তি দেখিয়ে সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
কলকাতা হাই কোর্ট সূত্রে খবর, আর জি করের তৎকালীন ভেন্ডার অভিযুক্ত সুমন হাজরার শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এখানে আর্থিক দুর্নীতি মামলায় সাক্ষী ছিলেন ১৪৭ জন। এখনও পর্যন্ত মাত্র ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, এখনই তা দ্রুতগতিতে হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না, এই যুক্তিতে সুমন হাজরাকে জামিন দিলেন বিচারপতি ঘোষ।

Post a Comment

Previous Post Next Post