দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যান্সারের চিকিৎসা চলছে শিল্পীর। চিকিৎসক তুফানকান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে ন’টি কেমোথেরাপি হয়েছে তাঁর। তবে বয়সের কারণে ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াই সহজ হয়নি। চিকিৎসা চললেও, শিল্পীর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে। এরই মধ্যে মূত্রনালির গুরুতর সংক্রমণ এবং সেপসিসের উপসর্গ তাঁর শারীরিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। চিকিৎসকেদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন শিল্পী।
ভারতীয় আধুনিক শিল্পকলার অন্যতম গুরুত্বপূর্ণ নাম যোগেন চৌধুরী। এই শিল্পী নিজের স্বতন্ত্র রেখা, মানুষের শরীরের অভিব্যক্তিময় উপস্থাপনা এবং অনন্য শিল্পভাষার মাধ্যমে শিল্পজগতে স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন। তাঁর শিল্পকর্মে বারবার উঠে এসেছে মানুষ, সমাজ এবং সময়ের নানা অভিজ্ঞতা। দীর্ঘ কয়েক দশকের শিল্পচর্চায় বারংবার নিজের ছাপ রেখেছেন । এমন কালজয়ী শিল্পীর শারীরিক অবস্থার খবরে স্বাভাবিক ভাবেই চিন্তিত অনুরাগীরা। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।