ষষ্ঠীতে দেবীর বোধন। তার আগে পালাবদলের বঙ্গে দেবীপক্ষেই হল নিয়োগের বোধন। রাজ্যে বিজেপি সরকারের আমলে প্রথম রাজ্য পুলিশের নিয়োগ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ১১ হাজার রাজ্য পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। বললেন, “হাততালি চাই না, ক্রেডিট চাই না। শুধু বলতে চাই, সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না।” দীর্ঘদিন দরে আটকে রাজ্য পুলিশের নিয়োগ। সাড়ে ৫ মাসে সেই জট কাটিয়ে রাজ্য পুলিশের নিয়োগ দিয়েই যে রাজ্যে সরকারি ক্ষেত্রে নিয়োগের সূচনা হল, তা বুঝিয়ে দিয়ে শুভেন্দুর বার্তা, ‘মর্নিং শোজ দ্য ডে’। সেই সঙ্গে পুলিশকে দুর্নীতি-মুক্ত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। আত্মবিশ্বাসের সুরে তিনি দাবি করেন, “আগামী দু’বছরে পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশের চেয়ে এগিয়ে থাকবে বাংলা।”
১১ হাজার রাজ্য পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে শুভেন্দু বললেন, “সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না। ওবিসিতে নিয়োগ আটকে রেখেছিল আগের সরকার। কোর্ট আর সরকারের দড়ি টানাটানিতে আটকে ছিল নিয়োগ। বিধানসভায় অধিবেশন বসিয়ে ওবিসি জট মুক্ত করেছি। বিগত সরকারে হাই কোর্টের ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল, সেখান থেকেও বেরিয়ে এসেছি। সরকার এত দ্রুততার সঙ্গে এই কাজ না করলে আজকের এই আনন্দটা দেখতে পেতাম না।” নিয়োগে স্বচ্ছতার কথা উল্লেখ করে শুভেন্দুর বার্তা, “ওরাল বা ফিজিক্যাল, এতটুকু ত্রুটি থাকবে না। নিয়ম মেনে নিয়োগ হবে। বিশ্বাস রাখুন।”
বিগত সরকারের আমলে সিভিক নির্ভর পুলিশ ব্যাটেলিয়ান ছিল বলে দাবি করে শুভেন্দু। তাঁর কথায়, “আগের সরকার সিভিক দিয়ে থানা চালাত, আমি সিভিকদের দোষ দিচ্ছি না। ২ হাজার করে বাড়িয়ে দিয়েছি পুজোর আগে। নিয়মানুবর্তিতা মেনে চলতে ট্রেনিং প্রয়োজন। সিভিকদের ন্যূনতম কোনও পরীক্ষাই নেওয়া হয়নি।” তবে এবার নিয়ম মেনে প্রতিবছর নিয়োগের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে যোগ্যতাই, তাও স্পষ্ট করে দেন শুভেন্দু। পুলিশে ঢালাও চাকরির পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, “জানুয়ারিতে ফের রাজ্যে পুলিশে নিয়োগ হবে। ৩০০ এসআই সিলেকটেড কলকাতা পুলিশের। ডিসেম্বরের মধ্যে ৪০০০ পদে নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ পাবে। ৯ হাজার নতুন নোটিফিকেশন, ৬৫০ পুলিশের ক্লার্ক নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।” শুভেন্দুর আরও বলেন, “২ বছরের মধ্যে উত্তরপ্রদেশের থেকেও পুলিসের সংখ্যায় এগিয়ে থাকবে।” পুলিশকে দুর্নীতি-অন্যায্য কাজ থেকে বিরত থাকার উপদেশও দেন মুখ্যমন্ত্রী।