দোরগোড়ায় নভেম্বর। তার আগেই হিমালয়ের পার্বত্য এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে তুষারপাত(Snowfall)। ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) প্রভাবে সিকিমের (Sikkim) ছাঙ্গু হ্রদ, নাথুলা পাস-সহ একাধিক উঁচু এলাকা সাদা বরফের চাদরে ঢেকেছে। অন্য দিকে লাদাখ, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের আশপাশের উঁচু পার্বত্য এলাকাতেও নতুন করে তুষারপাত হয়েছে। বৃষ্টির সঙ্গে তুষারপাতের জেরে দুই রাজ্যেই বেড়েছে শীতের দাপট।
বৃহস্পতিবার সকাল থেকে সিকিমের একাধিক উঁচু এলাকায় তুষারপাত শুরু হয়। ছাঙ্গু হ্রদ ও নাথুলা পাসের পাশাপাশি কুপুপ গ্রাম এবং নাথাং উপত্যকাতেও বরফ পড়েছে। রাতভর তুষারপাতের জেরে পাহাড়, রাস্তাঘাট এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা বরফে ঢেকে গিয়েছে। তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে। বেশ কিছু রাস্তায় বরফ জমে পিচ্ছিল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কোথাও কোথাও যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে উঁচু পার্বত্য এলাকায় যাতায়াতের ক্ষেত্রে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বরফ জমে থাকা রাস্তাগুলি থেকে তা সরানোর কাজ চালাচ্ছে সীমান্ত সড়ক সংস্থা। আবহাওয়া ও রাস্তার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন এবং পুলিশ। পর্যটকদের উষ্ণ পোশাক সঙ্গে রাখা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।