বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাই মানছে রাজ্য, বিনা অনুমতিতে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা


*বাজি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাই মানছে রাজ্য, বিনা অনুমতিতে ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা*


কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে সামনে রেখে বাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নবান্নে বৃহস্পতিবার স্বরাষ্ট্র দপ্তর, পরিবেশ দপ্তর, পুলিশ, দমকল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনেই এ বছর উৎসবের সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিনা অনুমতিতে ফানুস বা এয়ার বেলুন ওড়ানো বেআইনি বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ জানান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অনুমোদিত 'সবুজ বাজি' ছাড়া অন্য কোনও বাজি ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা এবং ছটপুজোর দিন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্তই বাজি পোড়ানোর অনুমতি থাকবে।

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত জানান, ফানুস ও এয়ার বেলুন ওড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানতেই হবে। অনুমতি ছাড়া ফানুস ওড়ানো থেকে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে কড়া নজরদারি চালানো হবে।

সরকারি নির্দেশ অনুযায়ী, কর্পোরেশন, পুরসভা ও পুলিশের চিহ্নিত নিরাপদ খোলা জায়গাতেই বাজির বাজার বসানো হবে। সেখানে দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুল্যান্সও মোতায়েন থাকবে। সবুজ বাজির ক্ষেত্রে শব্দ সৃষ্টিকারী বাজির সর্বোচ্চ মাত্রা ১২৫ ডেসিবল এবং আলোক সৃষ্টিকারী বাজির ক্ষেত্রে ৯০ ডেসিবল নির্ধারণ করা হয়েছে।

হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান-সহ সাইলেন্স জোনের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। নজরদারির জন্য কন্ট্রোল রুম, বিশেষ পুলিশ টহল এবং বিভিন্ন জেলায় পর্যবেক্ষণ ব্যবস্থা সক্রিয় রাখা হবে।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, অনুমোদিত সবুজ বাজির প্যাকেটে থাকা কিউআর (QR) কোড স্ক্যান করে সাধারণ মানুষ বাজিটির বৈধতা যাচাই করতে পারবেন। বহুতল আবাসনে বাজি ফাটানোর ক্ষেত্রেও বাসিন্দাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বেআইনি বাজির বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ। কলকাতার বড়বাজার এলাকা থেকে ১১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, পরিবেশ দপ্তরের সচিব সৌমিত্র গুপ্ত, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ, দমকলের ডিজি মনোজ শর্মা, দমকল দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব অশোক সিং।

Post a Comment

Previous Post Next Post