উপনির্বাচনে ‘অপপ্রচার’, অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রেজিনগরে



উপনির্বাচনে ভোট গণনার দিন সামাজিক মাধ্যমে ‘ভুল’ তথ্য পেশ করেছিলেন কালীঘাট তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।  ‘অপপ্রচারের’ অভিযোগে ফলপ্রকাশের পরের দিন শনিবারই অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হল। মুর্শিদাবাদের রেজিনগর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। রেজিনগর বিধানসভার ১০৯ নম্বর বুথ নিয়ে ভুল তথ্য পরিবেশন করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল, সমাজ মাধ্যমে লিখেছিলেন রেজিনগরে ১০৯ নম্বর বুথে মোট ভোটার ৭৭২ জন। বিজেপি পেয়েছে ৯০৯ টি ভোট। হুমায়ুন কবিরের দল একটি ভোট পেয়েছে। এই পোস্ট নজরে আসতেই রাজ্য রাজনীতিতে হইচই পড়ে যায়। জেলা নির্বাচন আধিকারিকের পক্ষ থেকে ওই তথ্য যাচাই করা হয়। এরপর কমিশনের তরফে ওই বুথের মোট ভোটার সংখ্যা সমাজ মাধ্যমে পোস্ট করা হয়। ১০৯ নম্বর বুথের ভোটার তালিকায় প্রথম পাতা প্রকাশ করা হয়। সেই তালিকায় দেখা যায়, ওই বুথে ১১০৯ মোট ভোটার রয়েছে।
গতকালই মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা ওই পোস্টকে ভুল তথ্য বলে জানানো হয়। পরবর্তীতে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই বুথে মোট ভোটার ১১০৯ জন। তাঁদের মধ্যে মোট পুরুষ ভোটার ৫৭৫, মহিলা ৫৩৪। উপনির্বাচনে ওই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি। জ্ঞানেশ কুমারের অপসারণের জন্য দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন। তাহলে এবার অভিষেককে কি রেজিনগরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে? সেই চর্চা শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post