শ্রীভূমির পুজোর জন্য যানজটের চেনা ছবি বদলাতে একগুচ্ছ ব্যবস্থা



শ্রীভূমির দুর্গাপুজো মানেই উপচে পড়া ভিড় আর ভিআইপি রোডে চেনা যানজট! প্রতি বছর এই পুজার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে উল্টোডাঙা থেকে চিংড়িঘাটা ও ইএম বাইপাসের বড় অংশ। ভোগান্তি বাড়ে মানুষের। পুজোর যানজটের জন্য ফ্লাইট মিস করার নজিরও রয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে এই বছর নড়েচড়ে বসেছে প্রশাসন। বিধাননগর কমিশনারেটের আওতাধীন এই পুজার ভিড় ও ট্র্যাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে লালবাজারের সঙ্গে সমন্বয় রেখে আগাম প্রস্তুতি শুরু করেছে বিধাননগর পুলিশ। প্রয়োজনে পুজোর দিনগুলিতে ভিআইপি রোডের যানজট সামলাতে কলকাতা পুলিশের কর্মী ও অফিসারদেরও মাঠে নামানো হবে।

সূত্রের খবর, কয়েক দিন আগেই বিধাননগর পুলিশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা। পুজোয় দর্শনার্থীদের সুরক্ষায় ও যানজট এড়াতে একাধিক কড়া পদক্ষেপ করা হচ্ছে। সিদ্ধান্ত হয়েছে, ভিআইপি রোডের উপরে দর্শকদের দাঁড়াতে দেওয়া হবে না। পথচারীদের রাস্তা পারাপার করতে হবে সাবওয়ে দিয়ে। দর্শনার্থীরা যাতে সার্ভিস রোড ছেড়ে মেন রোডে এসে যান চলাচলে বিঘ্ন ঘটাতে না পারেন, সে জন্য মণ্ডপের দিকে যাওয়ার রাস্তা টিনের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে।

ভিআইপি রোডের ট্র্যাফিক স্বাভাবিক রাখতে উপস্থিত থাকবেন ২ জন ডেপুটি কমিশনার, ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং বিপুল সংখ্যক পুলিশকর্মী। পাশাপাশি, বিধাননগর কমিশনারেটের সদর দপ্তরের কন্ট্রোল রুমে বসে সিসিটিভির মাধ্যমে পরিস্থিতির উপরে লাগাতার নজরদারি চালাবেন শীর্ষকর্তারা। ওড়ানো হবে ড্রোনও।

শ্রীভূমি স্পোর্টিংয়ের নতুন পুজো কমিটির সভাপতি তথা বিজেপির স্টেট এগজ়িকিউটিভ কমিটির সদস্য কণক দেবনাথ বলেন, 'যানজট এড়াতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুজোর দিনগুলিতে প্রায় ৩০০ জন কর্মী ও স্বেচ্ছাসেবক থাকবেন। স্থানীয় বাসিন্দারাও যানজট নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।' সব মিলিয়ে, শ্রীভূমির পুজোর কারণে এ বার ভিআইপি রোডে যানজট হবে না—এমনটাই দাবি উদ্যোক্তাদের।

Post a Comment

Previous Post Next Post