চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ চমক ‘পাডিআপ্পা’, মণ্ডপে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের



হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই আলাদা চমক। আলোর রোশনাইয়ে ভরে ওঠে শহর। জগদ্ধাত্রী পুজো ঘিরে শুরু হয়ে গিয়েছে সাজসাজ রব। চন্দননগরের উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এ বারের পুজোয় রয়েছে বিশেষ চমক। তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে আনা হয়েছে ১৫০০ কেজি ওজনের বিশাল রোবটিক হাতি। যা নিয়ে চন্দননগর ছাড়াও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল।
চতুর্থীর দিন চন্দননগরে এসে পৌঁছেছে বিশালাকৃতির ওই হাতি। ক্রেনের সাহায্যে তাকে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে মণ্ডপে। এ বার উত্তরাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর ৬০ বছর। পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে কয়েক লক্ষ টাকা খরচ করে মণ্ডপে আনা হয়েছে রোবটিক হাতি। যার নাম দেওয়া হয়েছে পাডিআপ্পা।

দূর থেকে দেখলে বোঝাই মুশকিল যে, তা আসল নাকি নকল। জীবন্ত হাতির মতোই তার কান, চোখ-মুখ নড়াচড়া করছে। নেড়ে চলেছে লেজও। মাঝে মাঝে তাকে শুঁড় দিয়ে গোলাপ জল ছিটিয়ে দিতেও দেখা গিয়েছে। রোবটিক হাতির এমন জীবন্ত কাণ্ড দেখতে ইতিমধ্যেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন বহু দর্শনার্থীরা।

পুজো কমিটির সভাপতি সূর্যকান্ত দাস জানান, কেরলের ওনাম উৎসবের পৌরাণিক কাহিনি তুলে ধরা হয়েছে মণ্ডপে। কেরলের মন্দিরগুলির সঙ্গে হাতির বিশেষ সম্পর্ক রয়েছে। তাই মণ্ডপে ১৫০০ কেজি ওজনের রোবটিক হাতি আনার সিদ্ধান্ত নেওয়া হয়। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে এটি আসল নয়। এই হাতিটি আনতে সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ হয়েছে বলেও জানিয়েছেন।

তাঁর কথায়, মণ্ডপের ভিতরে আলপনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে নৌকার আদলে তৈরি বিশেষ কাঠামো। যেখানে রাখা হয়েছে বিভিন্ন বাদকের কাঠের মডেল। মণ্ডপের দেওয়ালে রয়েছে বিভিন্ন দেব-দেবীর ছবি। ভিতরে ঢুকলেই দেখা মিলবে অনন্তনাগের উপর শায়িত ভগবান বিষ্ণুর। তাঁর সামনেই রয়েছেন দেবী জগদ্ধাত্রী।

পৌরাণিক কাহিনি অনুযায়ী, মহাবলি ছিলেন প্রজাবৎসল রাজা। তাঁর রাজ্যে কোনও অভাব অভিযোগ ছিল না। মহাবলির জনপ্রিয়তা দেখেই নাকি চিন্তিত হয়ে পড়েছিলেন দেবতারা। এর পর ভগবান বিষ্ণু বামন অবতারে মহাবলির কাছে এসে তিন পা জমি চান। রাজা সেই প্রস্তাবে সম্মতি দিলে বামন অবতার বিশাল আকার ধারণ করেন। এক পায়ে স্বর্গ এবং অন্য পায়ে মর্ত্য ঢেকে ফেলার পর তৃতীয় পায়ের জন্য মহাবলি নিজের মাথা এগিয়ে দিয়েছিলেন। এরপর তাঁকে পাতালে পাঠানো হয়। কথিত আছে, মহাবলী তাঁর প্রজাদের দেখার জন্য বছরে একদিন ফিরে আসার বর চেয়েছিলেন। সেই বিশ্বাস থেকেই কেরালায় পালিত হয় ওনাম উৎসব।

Post a Comment

Previous Post Next Post