দুধ-দই-পনিরের প্যাকেটে বাধ্যতামূলক ‘মিল্ক ড্রপ লোগো’, কবে থেকে কার্যকর FSSAI-এর নিয়ম?



দেশের বাজারে দুধ, দই, পনির, মাখন বা চিজ়ের মতো যে কোনও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে একটি বিশেষ নতুন চিহ্ন বা লোগো দেখতে পাবেন ক্রেতারা। ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ণায়ক কর্তৃপক্ষ বা FSSAI (Food Safety and Standards Authority of India) দুধ এবং দুগ্ধজাত পণ্যের প্যাকেজিংয়ের জন্য একটি অভিন্ন ‘মিল্ক ড্রপ লোগো’ চালু করার নির্দেশ দিয়েছে। আগামী ১ জুলাই, ২০২৮ থেকে দেশের সমস্ত ব্র্যান্ডের দুগ্ধজাত পণ্যের প্যাকেটে এই লোগো ব্যবহার করা বাধ্যতামূলক হতে চলেছে। সম্প্রতি ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (লেবেলিং অ্যান্ড ডিসপ্লে) সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রেগুলেশনস, ২০২৬’-এর মাধ্যমে এই নতুন নিয়ম জারি করা হয়েছে। গত ৬ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় এবং ৯ নভেম্বর তা ভারতের গেজেটে প্রকাশিত হয়েছে।

কেমন দেখতে হবে FSSAI-এর এই নতুন লোগো?

FSSAI-এর নির্দেশিকা অনুযায়ী, এই নতুন শনাক্তকরণ চিহ্নটিতে একটি নীল রঙের বর্গক্ষেত্রের ভিতরে সাদা রঙের দুধের ফোঁটা থাকবে।

  • প্যাকেটের ঠিক সামনের অংশে অর্থাৎ ‘প্রিন্সিপাল ডিসপ্লে প্যানেলে’ এই লোগোটি স্পষ্ট ভাবে ছাপাতে হবে।

  • কেনাকাটার সময় ক্রেতারা যাতে সহজেই খাঁটি দুধ বা দুগ্ধজাত পণ্য চিনতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • কোন কোন পণ্যে এই লোগো থাকা বাধ্যতামূলক?

    সংশোধিত নিয়ম অনুযায়ী, সমস্ত ধরনের দুধ এবং দুগ্ধজাত পণ্য (যার মধ্যে কম্পোজিট মিল্ক প্রোডাক্টও রয়েছে)-এর প্যাকেটে এই লোগো থাকতে হবে। এর আওতায় পড়ছে,

    • দুধ

    • দই

    • পনির

    • মাখন

    • চিজ়

    • অন্যান্য দুগ্ধজাত সামগ্রী

    • কেন এই উদ্যোগ?

      বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বাহারি প্যাকেজিংয়ের ভিড়ে ক্রেতারা অনেক সময় দুগ্ধজাত পণ্য এবং নন-ডেয়ারি পণ্যের মধ্যে পার্থক্য করতে বিভ্রান্ত হন। সারাদেশে দুগ্ধজাত পণ্যের একটি অভিন্ন পরিচিতি তৈরি করতেই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি খসড়া প্রস্তাব এনেছিল FSSAI, যা চূড়ান্ত রূপ পেল এখন। ২০২৮ সালের ১ জুলাই পর্যন্ত সময় দেওয়ার ফলে উৎপাদনকারী সংস্থাগুলো তাদের প্যাকেজিং বদলানোর জন্য পর্যাপ্ত সময় পাবে।

      ক্রেতাদের কী জানা জরুরি?

      FSSAI জানিয়েছে যে, এই নতুন লোগোটি মূলত পণ্য শনাক্তকরণ বা লেবেলিংয়ের একটি নিয়ম মাত্র। এটিকে কোনও আলাদা গুণমানের শংসাপত্র বা পণ্যটি যে সম্পূর্ণ ভেজালমুক্ত তার গ্যারান্টি হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না।

Post a Comment

Previous Post Next Post