সুমিতকে ‘এনকাউন্টার’–এর আশঙ্কায় কমিশনের দ্বারস্থ পরিবার, রিপোর্ট তলব



পুলিশ হেফাজতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী সুস্মিতা ঘোষ। তাঁর স্বামীকে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা হতে পারে বলে রাজ্য মানবাধিকার কমিশনেও তিনি অভিযোগ জানিয়েছিলেন তিনি। এ বার ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের কাছ থেকে এ নিয়ে রিপোর্ট তলব করল কমিশন। সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশকে রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন। সুমিতের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া যাতে আইন মেনে এবং মানবাধিকার বজায় রেখে হয়, তা নিশ্চিত করতে পুলিশ সুপারকে নির্দেশও দেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় প্রথমে সুমিতকে গ্রেপ্তার করে সিআইডি। পরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে একটি পৃথক মামলায় তাঁকে হেফাজতে নেয় জেলা পুলিশ। মাছ ব্যবসায়ীকে হুমকি দিয়ে তোলাবাজির অভিযোগে ওই মামলা দায়ের হয়েছে। কালীতলা আশুতি থানার মাটি চুরির মামলাতেও তিনি অভিযুক্ত। আপাতত তিনি সাত দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

সুস্মিতার দাবি, পুলিশ হেফাজতে সুমিতকে ঘুমোতে দেওয়া হচ্ছে না। স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত তাঁর স্বামী। তাঁর আশঙ্কা, যে কোনও সময়ে সুমিতকে ভুয়ো এনকাউন্টার করে খুন করা হতে পারে। শুক্রবার কমিশনের চেয়ারপার্সন, অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চে অভিযোগের প্রথম শুনানি হয়। সুস্মিতার হয়ে কমিশনে সওয়াল করেন আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। শনিবার তিনি বলেন, ‘সুস্মিতা আশঙ্কা করছেন, সুমিতকে পুলিশ কাস্টডিতে যে ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে, মধ্যরাতে তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাতে তাঁকে ভুয়ো এনকাউন্টার করে মারার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা রয়েছে।’

Post a Comment

Previous Post Next Post