গর্ভগৃহে ছবি তোলা, মালা পরানো নিষিদ্ধ তারাপীঠে



তারাপীঠ: ‎কালীপুজোর আগে একাধিক বিধিনিষেধ ঘোষণা করল তারাপীঠ মন্দির কমিটি। বিগ্রহকে সরাসরি স্পর্শ করা, মালা পরানো, মন্দিরের ভিতরে নারকেল ফাটানো, আলতা ঢালা ও মদ নিবেদনের মতো একাধিক প্রচলিত আচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দির চত্বরে বারমুডা বা হট প্যান্ট পরে ঢোকাও নিষিদ্ধ হয়েছে। পাশাপাশি, মোবাইল ফোন নিয়ে মন্দিরে ঢোকা এবং গর্ভগৃহের ভিতরে বিগ্রহের সঙ্গে ছবি তোলার ক্ষেত্রেও কড়াকড়ি করেছে নবগঠিত মন্দির কমিটি।
মন্দির সংস্কারের কাজ শেষ করে প্রায় দেড় মাস পর গর্ভগৃহে ফিরেছে বিগ্রহ। সামনেই কালীপুজো। তার আগে নিঃসন্দেহে ভিড় বাড়বে তারাপীঠে। নবগঠিত তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় বলেন, ‘মন্দিরে পুজো ও দর্শনের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তারাপীঠে প্রতিদিনই হাজার হাজার পুণ্যার্থী আসেন। বিশেষ তিথিতে তা আরও বাড়ে। মন্দিরের ভিতরে শৃঙ্খলা বজায় রাখা এবং পুজোর পরিবেশ সুষ্ঠু রাখার ক্ষেত্রে এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মন্দিরে চত্বরে আর মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না, গর্ভগৃহে তোলা যাবে না মায়ের ছবি। ভেতরে আলতা, গোলাপজল, নারকেল জল ঢালা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।’
মন্দির কমিটির নতুন নির্দেশিকা অনুযায়ী, এ বার থেকে সাধারণ পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করে মা তারার বিগ্রহ স্পর্শ করতে পারবেন না। থাকছে না দেবীর গায়ে সরাসরি মালা পরানোর অনুমতি। এতদিন পুজো দিতে এসে অনেকেই বিগ্রহকে জড়িয়ে ধরে ছবি তুলতেন। তা এখন সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এত দিন গর্ভগৃহের ভিতরে বিগ্রহের পায়ে আলতা, গোলাপজল, নারকেল জল অর্পণ করতেন পুণ্যার্থীরা। মন্দির কমিটি এ বার তারা মায়ের চরণঘর তৈরি করেছে। গর্ভগৃহের বদলে এই চরণঘরে আলতা, নারকেলের জল, গোলাপ জল ঢালতে পারবেন ভক্তরা। তারাপীঠ মন্দির চত্বরে মদের বোতল নিয়ে গেলে তা খুলে পুজোয় দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কড়াকড়ি করা হয়েছে পোশাকেও। মন্দির প্রাঙ্গণে পুরুষরা বারমুডা ও মহিলারা হট প্যান্ট পরে ঢুকতে পারবে না।

Post a Comment

Previous Post Next Post