২০১৮ সালের পর সরকারিভাবে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া আর বাড়েনি। রাজ্যে পালাবদলের পর ফের ভাড়া বাড়ানো নিয়ে সরব হয়েছেন বাস ও মিনি বাস মালিকরা। এদিন ফের রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। সেক্ষেত্রে কলকাতায় নূন্যতম বাসভাড়া ১৮ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। সংগঠনের তরফে প্রস্তাব, মহানগরে সাধারণ বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিমিতে ১৮ টাকা পর্যন্ত ভাড়ার কথা বলা হয়েছে। এই দাবি মানলে বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা! রাজ্যের অন্যান্য জায়গার বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর প্রস্তাব রয়েছে। এসি বাসের ভাড়া বাড়ানোর আবেদনও করা হয়েছে।
এর আগেও রাজ্যের পরিবহণমন্ত্রীর কাছে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব আবেদন রাখা হয়েছিল। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে বাস মালিক সংগঠনগুলির বৈঠকও হয়েছিল। পুজোর পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তখন জানা গিয়েছিল। সেই আবহে আজ, সোমবার এই চিঠি দেওয়া হল মন্ত্রীকে। চিঠিতে দূরত্ব অনুসারে বাসভাড়া বাড়ানোর খসড়া দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বাসে ওঠার পরে প্রথম চার কিমি পর্যন্ত ১৮ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। এরপর নির্ধারিত কিমি অনুযায়ী ওই ভাড়া বাড়তে থাকবে।
কলকাতার ক্ষেত্রে ৪ থেকে ৬ কিমি পর্যন্ত ২০ টাকা, ৬ থেকে ৮ কিমি পর্যন্ত ২২ টাকা, ৮ থেকে ১২ কিমি পর্যন্ত ২৪ টাকা ধার্য করা হয়েছে। ১৬ থেকে ২০ কিমি দূরত্ব গেলে যাত্রীদের মাথাপিছু গুনতে হবে ২৮ টাকা। ২০ থেকে ২২ কিমি পর্যন্ত গেলে ৩০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের। জেলার ক্ষেত্রে সাধারণ বাসে প্রথম ৪ কিমির ক্ষেত্রে ২০ টাকা ভাড়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রতি কিমিতে ১টাকা ২০ পয়সা কোরে ভাড়া বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এক্সপ্রেস বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিলোমিটারে ২৫ টাকা ভাড়ার কথা বলা হয়েছে। সাধারণ এসি বাসের ক্ষেত্রে প্রথম ৪ কিমিতে ৪০ টাকা ভাড়ার প্রস্তাব করা হয়েছে।
শুধু তাই নয়, ভলভো বাসগুলির ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সেক্ষেত্রে প্রথম ২ কিলোমিটারে ৫০ টাকা ভাড়ার কথা বলা হয়েছে। হাওড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ জেলার মিনিবাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবও একইভাবে রাখা হয়েছে। দার্জিলিং-সহ পাহাড়ের অন্যান্য জায়গায় চলা বাসগুলির ভাড়া বৃদ্ধিও প্রস্তাবও রাখা হয়েছে। বাস মালিক সংগঠনের দাবি, দীর্ঘ সময় ভাড়া বাড়েনি। ফলে আর্থিক লোকসান হচ্ছে। বাসের সংখ্যাও কমছে ধীরে ধীরে।