বিক্ষোভের আঁচ পেয়ে পালালেন ‘জুলাই বিল্পব’-এর সেই নাহিদ


# বিক্ষোভের আঁচ পেয়েই অনুষ্ঠানস্থল ছাড়লেন ‘জুলাই বিপ্লব’-এর সেই নাহিদ! লন্ডনে আওয়ামি লিগ ও এনসিপি সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৫

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে উত্তেজনার আঁচ এবার বিদেশের মাটিতেও। লন্ডনে মুখোমুখি সংঘর্ষে জড়ালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র নেতা-কর্মীরা। সোমবার রাতে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। এই ঘটনার জেরে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে অনুষ্ঠান চত্বর।

উল্লেখ্য, বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন এনসিপির আহ্বায়ক তথা বাংলাদেশের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বাংলাদেশের গত বছরের জুলাই আন্দোলনে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। সেই আন্দোলনের পরই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে এবং ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরেই সোমবার রাতে উত্তেজনা ছড়ায় লন্ডনে।

সূত্রের খবর, সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ পূর্ব লন্ডনের রমফোর্ড হাই রোডের 'দ্য মেফেয়ার' হলের সামনে এবং পিছনের রাস্তায় দুই রাজনৈতিক শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই হলে নাহিদ ইসলামকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর হলের পিছনের রাস্তায় আওয়ামি লিগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের চেহারা নেয়।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সংঘর্ষে অন্তত পাঁচ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তবে কী কারণে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পিছনে কোনও পূর্বপরিকল্পিত কর্মসূচি ছিল কি না, তা নিয়েও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

এদিকে, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই অনুষ্ঠানস্থল ঘিরে উত্তেজনা আরও বাড়ে। বিক্ষোভের আশঙ্কা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় নাহিদ ইসলামকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিক্ষোভের আঁচ পেয়েই তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান বলে খবর। যদিও তাঁর সেখান থেকে চলে যাওয়ার নির্দিষ্ট কারণ বা ঘটনার সময় তাঁর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই আওয়ামি লিগ এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা নতুন রাজনৈতিক শক্তিগুলির মধ্যে সংঘাত ও রাজনৈতিক চাপানউতর অব্যাহত। শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার আশ্বাসের মধ্যেই লন্ডনের এই সংঘর্ষ নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব যে দেশের বাইরেও ছড়িয়ে পড়ছে, এই ঘটনা তারই আরও একটি উদাহরণ।

তবে লন্ডনের এই সংঘর্ষের পর দুই রাজনৈতিক পক্ষের তরফে কী প্রতিক্রিয়া আসে, আহতদের শারীরিক অবস্থা কেমন এবং ঘটনার তদন্তে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Post a Comment

Previous Post Next Post