লোকে চিনত অনুব্রতর খাস লোক বলে, নানুরের সেই কেরিম খান অবশেষে গ্রেপ্তার



অনুব্রত মণ্ডলের খাস লোক হিসেবেই বীরভূমে পরিচিত আব্দুল কেরিম খান। একের পরে এক অভিযোগ থাকলেও তৃণমূল জমানায় তাঁর গায়ে হাত দিতে পারেনি পুলিশ। ভোট পরবর্তী হিংসা মামলায় অবশেষে গ্রেপ্তার নানুরের সেই তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বোলপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলা জুড়ে রাজনৈতিক সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে কেরিমের বিরুদ্ধে। বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনায় তাঁর বিরুদ্ধে মোট ৩২টি মামলা রয়েছে বলেও দাবি পুলিশের। শনিবার রাতে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বেরোনোর সময়ে তাঁকে আটক করে নানুর থানার পুলিশ। এর পরে তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শনিবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

এক নজরে

  • শনিবার রাতে বোলপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বেরোনোর সময় নানুর থানার পুলিশ প্রথমে আটক এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে আব্দুল কেরিম খানকে।

  • ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে এলাকায় ব্যাপক ভাঙচুর এবং বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও সন্ত্রাস চালানোর অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

  • বীরভূমে অনুব্রত মণ্ডলের খাস লোক হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে রাজনৈতিক সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক ঘটনায় মোট ৩২টি মামলা ঝুলছে বলে পুলিশ সূত্রে খবর।

  • অতীতে নানুরে একচ্ছত্র আধিপত্য চালিয়ে চাপ দিয়ে জমি দখলের অভিযোগের পাশাপাশি গোরু পাচার মামলায় সিবিআই-এর নজরেও এসেছিলেন কেরিম।

  • শনিবার রাতে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া মেনে রবিবার ধৃত তৃণমূল নেতা আব্দুল কেরিম খানকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

গোরু পাচার মামলায় এই কেরিম এক সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে ছিলেন। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁকে। যদিও সে সময়ে কেরিম দাবি করেছিলেন, তাঁর কাছে কাগজপত্র চাওয়া হয়েছিল। কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি।

এই কেরিমের বিরুদ্ধে নানুরে একচ্ছত্র অধিকার চালানোর অভিযোগও উঠেছে বহুবার। চাপ দিয়ে জমি দখল করে নেওয়ার মতো অভিযোগও ওঠে। যদিও এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে কেরিম দাবি করেছিলেন, স্বেচ্ছায় বাড়ি রেজিস্ট্রি করিয়েছেন অভিযোগকারীরা। সমস্ত কাগজপত্রও আছে। তবে যে মামলায় কেরিমকে গ্রেপ্তার করা হয়েছে, তা হলো ভোট পরবর্তী হিংসা মামলা।

Post a Comment

Previous Post Next Post