এবার গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার সার্ভিস চালু করতে চলেছে বিজেপি সরকার



গঙ্গাসাগর: শুধু জল কিংবা সড়কপথে নয়, এ বার আকাশপথেও কলকাতা থেকে সরাসরি গঙ্গাসাগর মেলায় পৌঁছে যাবেন পুণ্যার্থীরা। গঙ্গাসাগর মেলায় আগত দেশ–বিদেশের পুণ্যার্থীদের আরামদায়ক সফরের জন্য এই বিশেষ সুবিধে চালু করতে চলেছে বিজেপি সরকার। পরিকল্পনা অনুযায়ী, কলকাতা থেকে টিকিট কেটে হেলিকপ্টারে চড়ে যে কেউ গঙ্গাসাগরে যেতে পারবেন। গঙ্গাসাগর মেলার সময় সাধারণ পুণ্যার্থীদের জন্য ৮–১০টি হেলিকপ্টার রাখা থাকবে।

এছাড়াও প্রশাসনের লোকজন এবং জরুরি পরিষেবার জন্য পৃথক হেলিকপ্টার থাকবে। শনিবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে যোগ দিতে এসে এ কথা জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মুখ্যসচিব জানিয়েছেন, যাঁরা টাকা খরচ করে হেলিকপ্টারে করে গঙ্গাসাগরে যেতে চান, তাঁদের জন্য আসনভিত্তিক টিকিটের ব্যবস্থা থাকবে। উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও কেদারনাথ ধামে যাওয়ার জন্য অনেক বছর ধরেই হেলিকপ্টার পরিষেবা চালু আছে। এ বছর থেকে গঙ্গাসাগর যাত্রীরাও সেই সুবিধে পাবেন। এর জন্য আগে থেকে বুকিং করতে হবে। মুখ্যসচিবের কথায়, ‘হেলিকপ্টার পরিষেবা চালু হলে সকালে গঙ্গাসাগরে পুণ্যস্নান ও কপিলমুনি মন্দির দর্শন করে বিকেলেই কলকাতায় ফিরতে পারবেন পুণ্যার্থীরা।’

মুখ্যমন্ত্রী জানান, এ বার গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার আদলে সাজিয়ে তোলা হবে। তার জন্য এ বার গঙ্গাসাগর মেলার পরিসর বাড়ানো হচ্ছে। এর জন্য নতুন করে ৩৮ একর জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। ওই জমি সমতল করে সেখানে হোল্ডিং সেন্টার, তাঁবু, বড় হ্যাঙার, রাস্তা, বসার জায়গা ও বিশ্রামাগার তৈরি করা হবে। মূল মেলা চত্বরে অতিরিক্ত ভিড়ের চাপ কমাতে পুণ্যার্থীদের বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতদিন গঙ্গাসাগর মেলায় অস্থায়ী যাত্রীনিবাস তৈরিতে মূলত হোগলা ব্যবহার করা হতো। তার পরিবর্তে আরও নিরাপদ ও উন্নতমানের বড় হ্যাঙার ব্যবহার করা হবে। এ দিন গঙ্গাসাগর মেলা অফিসে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের পৌরোহিত্যে প্রায় দু’ঘণ্টার বৈঠক হয়। তাত উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, জেলাশাসক অভিষেক তিওয়ারি, সুন্দরবন ও ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এ দিনের বৈঠকে পূর্ত, সেচ, জনস্বাস্থ্য কারিগরি, পঞ্চায়েত, স্বাস্থ্য ও দমকল দপ্তরের রাজের পর্যালোচনা করা হয়। প্রতিটি দপ্তরকে নিজস্ব কাজের পরিকল্পনা তৈরি করে জমা দিতে বলা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রের খবর, এ বার গঙ্গাসাগর মেলার সময় কলকাতা থেকে সাগরদ্বীপে যাতায়াতের পথে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার রোডের উপরে প্রায় ৩০–৪০টি হোল্ডিং এরিয়া তৈরি হবে। সেখানেও পুণ্যার্থীরা বিশ্রাম নিতে পারবেন। সেখানে স্নান ও খাবারের ব্যবস্থা থাকবে। রাজ্যের প্রবেশপথ, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে পুণ্যার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সরকারের তরফে সব ধরনের পরিষেবা দেওয়া হবে। জলপথে যাতায়াতের জন্যও জলযা‍নের সংখ্যা বাড়ানো হচ্ছে। বিশেষ করে বয়স্ক, শিশু ও বিশেষভাবে সক্ষম পুণ্যার্থীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মুখ্যসচিব বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থী যাতে এখানে এসে উন্নত পরিষেবা পান, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, শুধু ভিড় সামলানো নয়, পরিকাঠামো ও পরিষেবাকে আরও উন্নত করে আগামী দিনে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।’

Post a Comment

Previous Post Next Post