হাজার ফুটের মধ্যে মদের দোকান নয়, আইসিডিএস কেন্দ্রও গণ্য হবে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে, জানাল হাইকোর্ট



অঙ্গনওয়াড়ি (আইসিডিএস) কেন্দ্রও শিক্ষাপ্রতিষ্ঠান— এক মামলায় এ কথা জানাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের বক্তব্য, মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে। ফলে, কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে নতুন করে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। ডিভিশন বেঞ্চের বক্তব্য, তিন বছর থেকে ছ’বছর বয়সি শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। শিশুদের শিক্ষা ও বিকাশের সঙ্গে এই কেন্দ্রগুলি সরাসরি যুক্ত। তাই, শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতির প্রশ্নে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে বাদ দেওয়া যায় না।
রাজ্য আবগারি বিধি অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ও হাসপাতালের এক হাজার ফুটের মধ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিধি মেনেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছাকাছি মদের দোকান সরানোর আবেদন খারিজ করা নিয়ে আবগারি দপ্তরের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি আদালত।
হুগলির সরাই–তিন্না গ্রাম পঞ্চায়েতের অধীন মৌজা তিন্নায় বিলিতি মদের একটি দোকান ছিল। ভাড়া নেওয়া ওই জায়গা থেকে মালিক নিজের জমিতে দোকানটি সরাতে চেয়েছিলেন। কিন্তু সেই জমির এক হাজার ফুটের মধ্যে একটি আইসিডিএস কেন্দ্র থাকায় আবগারি দপ্তর সেখানে দোকানটি করার অনুমতি দেয়নি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন মদের দোকানের মালিক।

Post a Comment

Previous Post Next Post