CPCB- তথ্য অনুযায়ী, AQI যদি ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকে, তবে সেই বাতাসকে ‘মারাত্মক’ বলা হয়। ৩০০ থেকে ৪০০ পর্যন্ত ‘খুব খারাপ’, ২০১ থেকে ৩০০‘খারাপ’। ১০১ থেকে ২০০ ‘মাঝারি’, ৫১ থেকে ১০০-কে ‘সন্তোষজনক’ এবং ০ থেকে ৫০-কে ‘ভালো’ বলা হয়।
আর্থ সায়েন্সেস মন্ত্রকের ‘এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম’-র তরফে জানানো হয়েছে, আগামী ছয় দিন দিল্লির বায়ুর গুণমান ‘খুব খারাপ’ থেকে ‘মারাত্মক’ স্তরের মধ্যেই থাকতে পারে। তবে পরিস্থিতি আরও খারাপও হতে পারে।
পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি জানিয়েছে, বুধবার দিল্লির মোট দূষণের ১৮ শতাংশ ছিল গাড়ির ধোঁয়া এবং ৩.৮ শতাংশ এসেছিল ফসলের নাড়া পোড়ানো থেকে। বৃহস্পতিবার এই হার কমে যথাক্রমে ১৬.১ শতাংশ এবং ২ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে।
রাজধানীর বায়ু দূষণের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে বলা হয়েছে, নভেম্বর ও ডিসেম্বরে খেলাধুলার অনুমতি দেওয়া মানে ‘বাচ্চাদের গ্যাস চেম্বারে ঢুকিয়ে দেওয়া।’