আর জি করের প্রতিবাদী ডাক্তারদের ‘রক্ষাকবচ’ দিল না সুপ্রিম কোর্ট, পুলিশে আস্থা শীর্ষ আদালতের


নয়াদিল্লি: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের ‘রক্ষাকবচ’ দিল না সুপ্রিম কোর্ট। বুধবার শুনানি শেষে শীর্ষ আদালত সাফ জানায়, পুলিশ নিজের মতো কাজ করছে। সেই তদন্তে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই।

অভয়াকাণ্ডে প্রতিবাদী চিকিৎসকদের একাংশের অভিযোগ ছিল, তাঁদের নামে মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ। প্রতিহিংসার পালা চলছে। এদিন সেই দাবি কার্যত নসাৎ করে দেয় বিচারপতি এম এম সুন্দরেশ ও সতীশ শর্মার ডিভিশন বেঞ্চ। সাফ জানানো হয়, “আমাদের কাছে আরও অনেক মামলা রয়েছে। তার কোনও শেষ নেই। কলকাতা হাই কোর্টের পক্ষে এই সংক্রান্ত মামলা পর্যবেক্ষণ করা সহজ। আপনারাই বলুন দিল্লিতে বসে কি আমাদের পক্ষে কলকাতার বিক্ষোভ পর্যবেক্ষণ করা সম্ভব? আমরা কী করে রক্ষাকবচ দিতে পারি। পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই পারে।”

শুনানির শুরুতে প্রতিবাদী ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী আদালতে জানায়, প্রতিবাদী ডাক্তারদের পুলিশ হয়রানি করছে। বারবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে। তিনি চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনা চেয়েছিলেন। আদালত জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সংগঠনের সিনিয়র অ্যাডভোকেট করুণা নন্দিকে কলকাতা হাই কোর্টে বিচারাধীন সমস্ত মামলার তালিকা তৈরি করে জমা দিতে বলেছে।

Post a Comment

Previous Post Next Post