বিহার বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে ১৯৯ টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। পড়শি রাজ্যে বিজেপি-নীতীশ জোটের এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে বঙ্গ বিজেপি। পাশাপাশি ২৬-এর বিধানসভা নির্বাচনে মমতাকে উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
'এই জয় আবারও প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের প্রতি জনগণের আস্থা অটুট রয়েছে'। এক্স হ্যান্ডেলে এক পোস্টে এমনই মন্তব্য করেছেন রাজ্যের শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রের খবর,মোদী সরকারের কল্যাণমূলক প্রকল্প, একাধিক উন্নয়ন পরিকাঠামো এবং নারী ক্ষমতায়নের উদ্যোগই এনডিএ-কে এই বড় জয় এনে দিয়েছে।
এদিন বিহারে বিজেপির বিরাট সাফল্যের পর মমতাকে উৎখাতের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, "এবার মমতাকে উৎখাত করতেই হবে। এর জন্য যা কিছু করতে হবে বিজেপি নেতারা সাধারণ মানুষের পাশে থেকে সেটা করবে। যারা SIR-এর বিরোধীতা করেছে তারাই মুখ থুবড়ে পড়েছে, বিহারের নির্বাচনী ফল নিয়ে বিস্ফোরক শুভেন্দু। রাহুল তেজস্বী SIR-এর বিরোধীতা করেছিল। আজ তারা তার ফল পাচ্ছে। বাংলাতেও SIR হবে। মমতা অ্যাণ্ড কোং নির্বাচনে অংশও নেবে, এবং হেরেও যাবে, মন্তব্য শুভেন্দুর"।
যদিও বিহার ভোটের রেজাল্টের কোন প্রভাবই পড়বে না বাংলায়। সাফ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে তার কোনও যোগ নেই। বাংলার রাজনীতিতে প্রধান বিষয় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার ও আত্মসম্মান। ২৫০-র বেশি আসন নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।”