SIR এর মাঝে উত্তাল বীরভূম, ক্ষোভে ফুঁসলেন BLO-রা, সরকারের কাছে রাখলেন এই বড় দাবি


বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকে এসআইআর ফর্মের নতুন করে ডাটা এন্ট্রির দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভে সরব হলেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। সোমবার রামপুরহাট ১ বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন বিভিন্ন বুথের বিএলও-রা। তাঁদের অভিযোগ, ডাটা এন্ট্রির কাজ তাঁদের দক্ষতার মধ্যে নয়, বহু বিএলও এই কাজে অনভিজ্ঞ। পাশাপাশি অনেকের কাছেই অ্যান্ড্রয়েড ফোন নেই, আবার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইন্টারনেট পরিষেবা দুর্বল হওয়ায় কাজ করা প্রায় অসম্ভব।

বিক্ষোভকারীরা জানান, প্রশিক্ষণের সময় তাঁদের শুধু ফর্ম বিতরণ ও সংগ্রহের দায়িত্বের কথাই বলা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই সেই কাজ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তার মাঝেই নতুন করে ডাটা এন্ট্রির অতিরিক্ত দায়িত্ব দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেন তাঁরা। তাঁদের বক্তব্য, প্রশিক্ষণ না থাকা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা না থাকায় এই কাজ তাঁরা করতে পারবেন না।

চার দফা দাবি নিয়ে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেন বিএলও-রা। তাঁদের দাবি অনুযায়ী, অভিজ্ঞ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে ফর্ম এন্ট্রির দায়িত্ব সরকারকে নিতে হবে। বিএলও বলরাম চট্টোপাধ্যায়, অর্পণ সেন, রজক আলি এবং ভবতারণ মাল জানান, তাঁদের ওপর এই অতিরিক্ত কাজ চাপানো হলে তা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই ডাটা এন্ট্রি দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দিতে হবে—এই দাবিতেই তাঁরা বিডিওর দপ্তরে হাজির হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post