হিন্দু নির্যাতন নিয়ে ভারতের মন্তব্য ভুল, অতিরঞ্জিত, ঢাকার মন্তব্য ঘিরে তুঙ্গে চর্চা


বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতের উদ্বেগকে “ভুল, অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর” বলে খারিজ করল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার। ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের মন্তব্য বাস্তব তথ্যের প্রতিফলন নয় এবং তা বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করছে।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর ‘নির্যাতন’ হিসেবে তুলে ধরা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের ঘটনাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত ও অতিরঞ্জিত করে ভারতে বাংলাদেশ-বিরোধী মনোভাব উসকে দেওয়ার চেষ্টা চলছে। 

পাশাপাশি, ভারতের বিভিন্ন মহলে বাংলাদেশ, তার কূটনৈতিক মিশন ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ মানুষকে উত্তেজিত করার অপচেষ্টার অভিযোগও তোলা হয়েছে।

হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনাগুলিকে বাংলাদেশ সরকার অপরাধমূলক ঘটনা বলেই ব্যাখ্যা করেছে। সরকারের মতে, এগুলিকে সংখ্যালঘু নির্যাতনের প্রমাণ হিসেবে তুলে ধরা বিভ্রান্তিকর এবং বাস্তবসম্মত নয়।

আমৃত মণ্ডল ওরফে সম্রাটের মৃত্যুর প্রসঙ্গ টেনে বাংলাদেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের উদাহরণ হিসেবে দেখানো ভুল। মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি একজন অপরাধী ছিলেন, যিনি তোলাবাজির সময় মারধরের শিকার হয়ে প্রাণ হারান। পরে তাঁর সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টিকোণ থেকে দেখা তথ্যভিত্তিক নয় বলেও দাবি করেছে ঢাকা।

Post a Comment

Previous Post Next Post